আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক ভবনে বন্ধ ভিসা ও কনস্যুলার পরিষেবা
সদ্য বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এদেশের বিভিন্ন অংশে। আগরতলায় সদ্য বাংলাদেশের সহকারী হাইকমিশনের দফতরের সামনে এক বিক্ষোভ আয়োজিত হয় হিন্দু সংঘর্ষ সমিতির তরফে। বিক্ষোভকারীরা একটা সময় নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ে চত্বরে।
সেই ঘটনার পর এবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সার্ভিস আপাতত বন্ধ। জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরিষেবা বন্ধই থাকবে। মনে করা হচ্ছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরেই এই পদক্ষেপ।

ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মহম্মদ আল আমিন এই প্রসঙ্গে জানিয়েছেন, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা আপাতত বন্ধ এই অফিসে। জানা গিয়েছে, আপাতত আগরতলায় বাংলাদেশের এই কূটনৈতিক ভবনে ভিসা ও কনস্যুলার পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
অফিসের তরফে যে বক্তব্য রাখা হয়েছে, তাতে বলা হয়েছে, 'নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলায় সমস্ত ভিসা ও কনস্যুলার পরিষেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এটি অবিলম্বে কার্যকর করা হয়েছে। এটি সমস্ত ভিসা এবং কনস্যুলার পরিষেবা প্রার্থীদের অবগতির জন্য জানানো হচ্ছে"।
উল্লেখ্য, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনে কিছু সংখ্যক বিক্ষোভকারীর পরিকল্পিত হামলার নিন্দা জানিয়ে ভারত সরকারকে দ্রুত তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক। সোমবার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর ভাবে ক্ষুব্ধ হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'আগরতলার এই ঘটনা ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক সংশ্লিষ্ট ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন'।
বিদেশ মন্ত্রক এও বলে, যেহেতু কূটনৈতিক মিশন গুলোকে সুরক্ষা দেওয়া ভারত সরকারের দায়িত্ব, তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এই ঘটনার পুঙ্খনাপুঙ্খ তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে যেকোনও ধরনের হামলা প্রতিরোধ এবং কূটনীতিকবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা করার অনুরোধও জানানো হয়েছে।
আর এই সবের মাঝেই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সার্ভিস আপাতত বন্ধ করে দিল বাংলাদেশ সরকার।












Click it and Unblock the Notifications