Uttar Pradesh: মসজিদের নিচে মন্দির! সমীক্ষা শুরু হতেই তুমুল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, জখম বহু
Uttar Pradesh: উপনির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টাও কাটেনি। হিংসার আগুন ছড়াল উত্তরপ্রদেশে। সম্ভল এলাকায় শাহি জামা মসজিদের সমীক্ষা (Masjid Survey) ঘিরে রণক্ষেত্র গোটা এলাকা। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে মৃত্যু হল তিনজনের। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সংঘর্ষের জন্য বিজেপির উপর দায় ঠেলল সমাজবাদী পার্টি।
মুঘল আমলে নির্মিত শাহি জামা মসজিদের তলায় হিন্দু মন্দিরের (Hindu Temple) ধ্বংসাবশেষ রয়েছে বলে দাবি উঠেছে। সেখানে হরিহর মন্দির ছিল বলে আদালতে মামলা রুজু করে কেলা দেবী মন্দির কমিটি। এরপর আঞ্চলিক আদালতের নির্দেশে শুরু হয় সমীক্ষা। গত সপ্তাহেই সেখানে সমীক্ষা শুরু হয়। রবিবার দ্বিতীয় সমীক্ষা শুরু হতেই অশান্তি বিরাট আকার নেয়।

রবিবার সকাল ৬টা নাগাদ সমীক্ষা দলের সদস্যরা পৌঁছয় মসজিদে। দলে ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, সার্কেল অফিসার ও তহসিলদার। অশান্তি এড়াতে রাখা হয়েছিল ব়্যাফও। কিন্তু, পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা পাথর ছুড়তে (Stone Pelted) থাকে বলে অভিযোগ। পুলিশের একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।
বিক্ষোভ সামাল দিতে টিয়ার গ্য়াসের শেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে নামানো হয় অতিরিক্ত বাহিনীও। মুরাদাবাদের পুলিশ কমিশনার জানান, পুলিশের উপর হামলার ঘটনায় বহু মানুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মহিলাও রয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশের কড়া সমালোচনা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ভোটে কারচুপি থেকে নজর ঘোরাতে অশান্তি পাকানোর উদ্দেশ্যেই মসজিদে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। অখিলেশ বলেন, "মসজিদে একবার সমীক্ষা চালানোর পর তথ্যপ্রমাণ ছাড়াই দ্বিতীয়বার ফের কেন সমীক্ষা করা হল?বেছে বেছে কেন সকালেই সমীক্ষা করা হল?"
উত্তরপ্রদেশের ৯ আসনে বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে শনিবার। ৬ আসনেই জয়ী হয়েছে বিজেপি। ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ করেছে সমাজবাদী পার্টি। ভোটের দিন সপার সমর্থক ও বুথ এজেন্টদের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ তোলে সমাজবাদী পার্টি। সেসব থেকে নজর ঘোরাতেই মসজিদ নিয়ে বিজেপি মেতেছে বলে অভিযোগ করেন অখিলেশ যাদব।












Click it and Unblock the Notifications