কার্ফুর মধ্যে ফের হিংসায় তপ্ত মনিপুর! কমপক্ষে একজনের মৃত্যু, বেশ কয়েকজন আহত
কার্ফুর মধ্যে মনিপুর থেকে ফের নতুন করে হিংসার খবর। এদিন বিষ্ণুপুর জেলায় হিংসার ঘটনায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি তরফে বলা হয়েছে, একটি সম্প্রদায়ের কিছু দুষ্কৃতী বিষ্ণুপুরের ফৌবাকচাওতে তিনটি বাড়ি পুড়িয়ে দেয় ২৩ মে। পাল্টা অন্য সম্প্রদায়ের কিছু যুবক চারটি বাড়িতে আগুন লাগায়।
এই হিংসার জেরে বিষ্ণুপুর ছাড়াও, ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় কার্ফু শিথিল করার সিদ্ধান্ত বাতিল করেছে প্রশাসন। সাধারণভাবে এইসব জেলায় ভোর পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত কার্ফু শিথিল করা হত।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, এদিন ভোরে সশস্ত্র যুবকরা বিষ্ণুপুর জেলার মইরাং-এর কয়েকটি গ্রামে হামলা চালায়। সেই সময় ত্রাণ শিবির থেকে বেশ কিছু লোকজনও বেরিয়ে যান। অন্যদিকে চুরাচাঁদপুর জেলায় এক যুবকের পিঠ দিয়ে গুলি ঢুকে সামনে দিয়ে বেরিয়ে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
এই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উত্তেজনা দেখা দিলেও, পুলিশ ও নিরাপত্তাবাহিনী তা নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত মনিপুরে এই হিংসার ঘটনা শুরু হয়েছে গত ৪ মে থেকে। সেই সময় অনির্দিষ্টকালের কার্ফু জারি করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা স্থগিত করে দেওয়া হয়। তবে তার মধ্যেও হিংসার ঘটনা ঘটেই চলেছে।

এদিকে রাজ্যের হিংসার ঘটনা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে আরও আধা সামরিক বাহিনী চেয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁর হাতেই রয়েছে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব। বেশ কিছু জায়গায় হিংসার পুনরাবৃত্তির মোকাবিলা করার জন্য কেন্দ্রের কাছে তিনি আরও ২০ কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছেন।












Click it and Unblock the Notifications