মোদীকে 'বিশ্বাসঘাতক' বলে এনডিএ ছাড়লেন বাইকো

সোমবার চেন্নাইতে একটি সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেন এমডিএমকে সুপ্রিমো। তিনি বলেন, লোকসভা ভোটের আগে যখন জোট হয়েছিল, তখন নরেন্দ্র মোদী ও রাজনাথ সিং বলেছিলেন যে, তাঁরা কোনওভাবেই শ্রীলঙ্কাকে সমর্থন করবেন না। কিন্তু কথা রাখেননি। এলটিটিই-কে ধ্বংস করার জন্য শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহিন্দা রাজাপক্ষেকে ভারতরত্ন দেওয়ার কথা বলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এ ব্যাপারে কেন্দ্রের কাছে জবাব চাইলেও তারা নীরব থেকেছে বলে জানান বাইকো।
তিনি আরও বলেন, কেন রাজাপক্ষেকে তিরুপতি মন্দিরে যাওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার? কেন শ্রীলঙ্কায় তামিলদের গণহত্যার জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হবে না? শ্রীলঙ্কা তামিল মৎস্যজীবীদের গুলি করে মারলেও ক্ষতিপূরণ দিচ্ছে না। ভারতও এমন ঘটনা বন্ধ করতে চাপ দিচ্ছে না। এ সবই তামিল জনগণের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন তিনি। বাইকো সরাসরি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেছেন, "তামিলনাড়ুর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন নরেন্দ্র মোদী।"












Click it and Unblock the Notifications