উত্তরাখণ্ডে বন্ধ হোয়াইট রিভার র্যাফ্টিং, প্যারাগ্লাইডিং এবং অন্যান্য ওয়াটারস্পোর্ট, কেন জানেন
উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে আপাতত রাজ্যে বন্ধ থাকছে হোয়াইট রিভার র্যাফ্টিং, প্যারাগ্লাইডিং এবং অন্যান্য জল-ক্রীড়া।
পর্যটন শিল্পের উপর দাঁড়িয়ে থাকা উত্তরাখণ্ড রাজ্যে 'হোয়াইট রিভার র্যাফ্টিং', 'প্যারাগ্লাইডিং'-এর মতো ওয়াটারস্পোর্ট অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আপাতত উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে বন্ধ থাকছে এগুলি। জল-ক্রীড়া বিষয়ে রাজ্য সরকারের কোনও নীতি না থাকায়, এগুলিকে বেআইনি বলেছে আদালত। সরকার নীতি নির্ধারণের জন্য দু'সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ড সরকার বেআইনিভাবে বেসরকারি সংস্থাগুলিকে ওয়াটারস্পোর্ট পরিচালনা করার অনুমতি দিচ্ছে, এই মর্মে আদালতে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। সেই মামলাতেই আদালত জানায় 'হোয়াইট রিভার র্যাফ্টিং', 'প্যারাগ্লাইডিং'-এর মতো জল-ক্রীড়াগুলির উপর কোনও নিয়ন্ত্রণ না থাকা অত্যন্ত বিপজ্জনক। সেইসঙ্গে তেহরি ড্যামের মতো বড় লোকগুলিতে যেসব অন্যান্য ওয়াটারস্পোর্ট চলে সেগুলিও বিপদের কারণ হতে পারে।
আদালত সরকারকে জল-ক্রীড়া নিয়ে একটি স্বচ্ছ নীতির খসড়া তৈরির জন্য দু'সপ্তাহ সময় দিয়েছে। বলা হয়েছে এর মধ্য সরকারকে প্রতিটি ক্রীড়ার নির্দিষ্ট মূল্য ঠিক করতে হবে। এবং তারপর টেন্ডার ডেকে, আইন মেনে সংস্থাগুলিকে জল-ক্রীড়া পরিচালনার দায়িত্ব দিতে হবে।
আদালত সাফ জানায় বিনোদনের ক্রীড়াকে বিপর্যয়ের কারণ হতে দেওয়া যায় না। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, 'পর্যটনকে অবশ্যই ছড়াতে হবে, কিন্তু তার নিয়ন্ত্রণও প্রয়োজন'। আদালত খসড়া নীতি তৈরি করলে তারপরই আবার রাজ্যে জল-ক্রীড়াগুলি চালু করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications