বদলেছে উত্তরপ্রদেশ, ট্রিপল ইঞ্জিন সরকারকে ভোট দেবে মানুষ: যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের আসন্ন পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার সারছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফিরোজাবাদ এবং আগ্রার পরে মথুরায় জনসভা করেছেন তিনি। আগামী ৪ এবং ১১ মে দুই দফায় রাজ্যে পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
মথুরার জনসভায় যোগী আদিত্যনাথ বলেন, ২০১৭ সালের আগে মদ এবং মাংস মথুরায় বিক্রি হতো। তবে বিজেপি ক্ষমতায় আসার পরে আমরাই পবিত্র শহরে তা নিষিদ্ধ করেছি। কারণ একসময় এই এলাকা দুধের জন্য সুপ্রসিদ্ধ ছিল।

যোগী আদিত্যনাথের কথায়, আমরা কারও সঙ্গে অবিচার করি না। এবং কোনও অন্যায় সহ্য করি না। আমরা এই শহরের পবিত্রতা রক্ষায় মানুষের কাছে আহ্বান জানিয়েছি।
আগে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় বোমা-বন্দুকের কারবার ছিল। মানুষ ভয়ে বাড়িতে লুকিয়ে থাকত, বেরোতে পারত না। তবে এখন তারা নির্ভয়ে রাস্তায় চলাফেরা করতে পারে।

যোগী আদিত্যনাথ পুরসভাগুলিতে বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন জানিয়েছেন। যাতে কেন্দ্র, রাজ্যের পাশাপাশি পুরসভাগুলিতেও বিজেপি সরকার তৈরি হয়। এবং ট্রিপল ইঞ্জিন সরকার একযোগে মানুষের উন্নয়নে কাজ করতে পারে।
সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টার সম্মেলনে উত্তরপ্রদেশের জন্য ৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এর ফলে কমপক্ষে ৫০ হাজারের বেশি মানুষের নতুন করে চাকরি হবে বলে যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়েছেন।

যোগী আদিত্যনাথ বলেছেন, উত্তরপ্রদেশের চেহারা বদলেছে। আগে নোংরা অপরিচ্ছন্ন এলাকাগুলি নতুন করে সেজে উঠেছে। মানুষের ভাবনা বদলেছে। বিজেপি সরকার মানুষের উন্নয়নে কাজ করছে। ফলে সকলের উচিত এই উন্নয়নযোগ্যে শামিল হওয়া।












Click it and Unblock the Notifications