গোহত্যায় অভিযুক্তর হেফাজতে মার খেয়ে মৃত্যু! ফের কাঠগড়ায় যোগীর পুলিশ
রবিবার গুজ্জর সম্প্রদায় সারা উত্তরপ্রদেশ জুড়ে বিক্ষোভের হুমকি দিয়েছে। কারণ মেরঠের দোরালি গ্রামের বছর ৩৪-এর এক ব্যক্তি পুলিশ হেফাজতে মারধরের কারণে মারা গিয়েছেন বলে অভিযোগ।
রবিবার গুজ্জর সম্প্রদায় সারা উত্তরপ্রদেশ জুড়ে বিক্ষোভের হুমকি দিয়েছে। কারণ মেরঠের দোরালি গ্রামের বছর ৩৪-এর এক ব্যক্তি পুলিশ হেফাজতে মারধরের কারণে মারা গিয়েছেন বলে অভিযোগ। এমনকী সরকার কোনও ক্ষতিপূরণও দেয়নি বলে অভিযোগ। পুলিশ শুধু জানিয়ে রেখেছে যে তদন্ত চলছে।

মৃত ব্যক্তির নাম নরেন্দ্র কুমার। গত মঙ্গলবার তিনি মারা যান। তার দুদিন আগে নরেন্দ্র ছাড়া হানি,রোহিত ও অরবিন্দকে পুলিশ গোহত্যার কারণে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি গরু উদ্ধার হয়।
এই ঘটনার পর নরেন্দ্রর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। পরিবারের তরফে ভাইপোর অভিযোগ, নরেন্দ্রকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ মেরে ফেলেছে। সেজন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, সরকারি কাজ ও একটি বাড়ি দাবি করা হয়েছে। গ্রামে মহা পঞ্চায়েত বসেছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছে, পুলিশ ও প্রশাসন ব্যবস্থা না নিলে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে।
নরেন্দ্র পরিবারের তরফে মা-ভাই ধরনায় বসেন। তারপরই পুলিশ-প্রশাসনের টনক নড়েছে। ক্ষতিপূরণরে কথা চিঠি লিখে জানানো হবে বলে মেরঠ জেলার অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দিয়েছেন। এছাড়া হেফাজতে কীভাবে মৃত্যু হল সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশ আধিকারিকেরা।
এরপরই মওয়ানা স্টেশন হাউস অফিসার ব্রিজেশ কুশওয়াহা, সাব ইনস্পেক্টর ধর্মেন্দ্র ও কনস্টেবল ওঙ্কার সিংকে সাসপেন্ড করা হয়েছে। কোনও নথি ছাড়াই নরেন্দ্রকে গ্রেফতার করা হয় বলে সামনে এসেছে। তবে চারজনের বিরুদ্ধেই আগে অপরাধ করার অভিযোগ রয়েছে। তবে মারধরের কারণে নরেন্দ্রর মৃত্যু হয়েছে এমনটা সঠিক নয় বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications