ভোটের আগে অখিলেশদের শরিকের সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎ ঘিরে জল্পনা! উত্তরপ্রদেশের রাজনৈতিক অঙ্ক কোনপথে
রাজনৈতিক অঙ্কের হিসাবে দেখতে গেলে, অখিলেশের সমাজবাদী পার্টি গত বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধীদের সঙ্গে হাত মিলিয়ে প্রভূত সমস্যার সম্মুখীন হয়েছে। এরপর কংগ্রেস ছাড়াই ২০২২ বিধানসভা নির্বাচনে লড়াইয়ের বার্তা দিয়ে জয়ন্ত চৌধুরীর আরএলডির সঙ্গে সমঝোতা করে এগিয়ে যাচ্ছে অখিলেশ শিবির। এবার অখিলেশ যাদবদের শরিক সেই আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীর সঙ্গে লখনউ বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা উড়ে গেলেন দিল্লি। ঘটনা ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশের রাজনীতি।

যোগীরাজ্যে বিরোধী শিবিরে কী ঘটেছে?
জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী ও জয়ন্ত চৌধুরীর দুজনেরই লখনউ বিমানবন্দর থেকে বিকেলের বিমান ছিল দিল্লির দিকে। প্রিয়াঙ্কার জন্য ছত্তিশগড় সরকারের বিশেষ চার্টার্ড বিমান ছিল হাজির। এদিকে বিমানবন্দরে জয়ন্ত চৌধুরীর সঙ্গে দেখা হয় প্রিয়াঙ্কার। প্রথমে সেই বিমানেই জয়ন্তদের আসার আহ্বান জানান তিনি। তাতে তখন সম্মতি না জানালেও পরে জয়ন্তদের বিমান বিলম্ব করায় , তিনি প্রিয়াঙ্কার সঙ্গেই ওই চার্টার্ড বিমানে দিল্লি রওনা হন।

কোন জল্পনা?
এদিকে, এই দুই নেতা নেত্রীর একসঙ্গে দিল্লিগমন আগামী দিনে উত্তরপ্রদেশের রাজনৈতিক ভবিষ্যৎ স্থির করে দিচ্ছে কি না তা নিয়ে রয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন যে, যাতে প্রিয়াঙ্কার শিবির কংগ্রেসের তরফে সমাজবাদী পার্টির সঙ্গে ভোটে আসন সমঝোতা করতে পারে, ও জোটের দিকে এগিয়ে যেতে পারে, তার জন্যই জয়ন্তর সঙ্গে ওই বিমানে প্রিয়াঙ্কা রওনা হন। এনেকের মতে আরএলডিকে চাপ দিয়ে সমাজবাদি পার্টিকে জোটের প্রশ্নে রাজি করাতেই প্রিয়াঙ্কার এই কৌশল। তবে সেই জল্পনা কতটা ঠিক বা ভুল তা আগামী কয়েক মাসে যোগী রাজ্যের রাজনৈতিক অঙ্কই স্থির করে দেবে।

আরএলডি সূত্রে কী খবর?
উল্লেখ্য, আরএলডি সূত্রের খবর, প্রিয়াঙ্কা জয়ন্তকে কোনও চাপ দেননি। এমন কোনও আলোচনাই হয়নি দুজনের মধ্যে। একসঙ্গে বিমানে দিল্লি রওনা হয়েছেন তাঁরা মাত্র। এর বেশি কিছু হয়েছে কি না , তা নিয়ে নিশ্চিত করে কেউ কিছু জানে না বলে আর এলডি সূত্রের দাবি। তবে অনেকেই উত্তরপ্রদেশের স্থানীয়ভাষায় এই সাক্ষাৎকে 'শিষ্টাচার ভেট' বা সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দিচ্ছেন। তবে এই সাক্ষাৎ যে উত্তরপ্রদেশের রাজনীতিতে তাৎপর্যবাহী তা বলাই বাহুল্য।

সপা ও আরএলডি জোট
এদিকে, উত্তরপ্রদেশের রাজনৈতিক রণাঙ্গনে নামতে তৈরি সপা। সমাজবাদী পার্টি কার্যত জানিয়ে দিয়েছে যে তাদের সঙ্গে আরএলডির সমঝোতা সম্পন্ন হয়েছে। এরপর সেই জোটের অঙ্কে শিলমোহর পড়ে যেতেই প্রিয়াঙ্কার সঙ্গে জয়ন্তের এই সাক্ষাৎ যে গোবলয়ের রাজনীতিতে নয়া অঙ্কের ছাপ ফেলতে চলেছে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications