Uttar Pradesh Bypolls: ভোটদানে ‘বাধা’! ৭ পুলিশ আধিকারিককে বরখাস্ত নির্বাচন কমিশনের
UP Bypolls: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের পাশাপাশি বুধবার উপনির্বাচন (By Election) চলছে দেশের চার রাজ্যে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, কেরল ও উত্তরাখণ্ডে উপনির্বাচন চলছে। এরই মাঝে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল খোদ পুলিশেরই বিরুদ্ধে।
পুলিশের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ আনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (Samajwadi Party)। অভিযোগ খতিয়ে দেখে নির্বাচনী বিধিভঙ্গের (Violation of Law) অভিযোগে উত্তরপ্রদেশে ৭ জন পুলিশকর্মীকে বরখাস্ত করল নির্বাচন কমিশন (Election Commission)। একইসঙ্গে প্রশাসনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে ফের একবার নির্দেশ দিল কমিশন।

বরখাস্ত হওয়া ৭ জন পুলিশ আধিকারিকের মধ্যে ২ জন কানপুরের। ২ জন মুজাফফরনগর জেলার ও বাকি তিনজন মোরাদাবাদের পুলিশ আধিকারিক। এদিন এক বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানায়, "ভোটার তালিকায় নাম থাকা কোনও যোগ্য ভোটারকে ভোটদান থেকে বিরত করা যাবে না। ভোটের সময় কোনওরকম পক্ষপাতমূলক আচরণ বরদাস্ত করা হবে না। অভিযোগের তদন্ত করা হবে। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা আসনে উপনির্বাচন চলছে। গাজিয়াবাদ, কাটহারি, কারহাল, মীরাপুর, মাঝাওয়ান, সিসামাউ, খয়ের, ফুলপুর ও কুন্দারকিতে চলছে উপনির্বাচন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসারদের শান্তিপূর্ণ ভোট করাতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।
এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) অভিযোগ করেন, "শাসক দলকে সুবিধা করে দিতে ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে পুলিশ। নিয়ম ভেঙে ভোটারদের ভোটার কার্ড ও আধার কার্ড চেক করছে পুলিশ। নির্দিষ্ট কিছু জাতিগোষ্ঠীকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে।" সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ করে সমাজবাদী পার্টি।
অভিযোগ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তা অভিযোগকারীকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে জানাতে বলা হয়। সাত জন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হলে, বাধাপ্রাপ্তদের পুনরায় বুথে গিয়ে ভোটদানের আহ্বান জানান অখিলেশ যাদব।












Click it and Unblock the Notifications