বিজেপি নেতাকে কোভিড ভ্যাকসিনের ৫ টি ডোজ! যোগীরাজ্যের সার্টিফিকেট ঘিরে চাঞ্চল্য
সামনেই ২০২২ সালে বিধানসভা ভোটের আগে যোগী রাজ্য উত্তরপ্রদেশে প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে কোভিড ইস্যু এরাজ্যে একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোভিডের দ্বিতীয় স্রোতের মাঝে বছরের শুরুতেই পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খায় বিজেপি। এমনকি দলের মধ্যেই চলে দোষারোপের পালা। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতাকে কোভিড ভ্যাকসিনের ৫ টি ডোজ দেওয়া হয়েছে বলে তাঁর সার্টিফিকেটে তুলে ধরা হয়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশে।

সার্টিফিকেট ঘিরে জল্পনা!
উত্তরপ্রদেশের সারধানা এলাকার বিজেপি নেতা রামপাল সিং। ৭৩ বছরের রামপাল সিং সেখানের ৭৯ নম্বর বুথ সভাপতি হিসাবে পরিচিত। তাঁর ভ্যাকসিনের ডোজ শেষ হতেই যে সার্টিফিকেট তিনি পেয়েছেন, তাতে দেখা গিয়েছে যে তিনি কোভিড ভ্যাকসিনের ৫ টি ডোজ পেয়েছেন। যা দেখে হতবাক অনেকেই। প্রসঙ্গত, কোভিড ভ্যাকসিনের ২ টি ডোজই কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে। সেই অনুযায়ী সকলকে ২ টি ডোজ দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে কীভাবে এই প্রবীণ বিজেপি নেতাকে খোদ বিজেপি শাসিত রাজ্যে ৫ টি ডোজের তথ্য সম্পন্ন সার্টিফিকেট দেওয়া হল, তা নিয়ে জল্পনা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

প্রশাসন কী বলছে?
এদিকে, যোগী প্রশাসনের দাবি এই ঘটনার নেপথ্যে কারোর গোপন অভিসন্ধি থাকতে পারে। কেউ মশকরা করে এমনটা সার্টিফিকেটে করেছেন বলে মত প্রশাসনের অনেকেরই। তবে কে এমন কাজ করে থাকতে পারেন? তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। এদিকে ঘটনা নিয়ে তদন্তের পথেও হাঁটার কথা ভাবছে যোগী সরকার। এদিকে, কয়েকদি আগেই এক উড়ালপুলের ছবি নিয়ে যোগী সরকারের বিজ্ঞাপন প্রসঙ্গে দশ জুড়ে প্রবল হইচই হয়। পরে যোগী প্রশাসন জানায় যে, সমস্যাটি সংশ্লিষ্ট সংবাদপত্রের। এরপর সেরাজ্যে করোনা ভ্যাকসিন নিয়ে এমন ঘটনাতে বেশ অস্বস্তিতে যোগী সরকার।

সার্টিফিকেট ঘিরে আরও চমক
উল্লেখ্য, এই সার্টিফিকেটে দেওয়া রয়েছে যে ৫ টি ডোজের পর ওই ব্যক্তি ষষ্ঠ ভ্যাকসিনের ডোজটি পাবেন ডিসেম্বর মাসে। উল্লেখ্য, বিজেপি নেতা জানিয়েছেন, তিনি কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজটি পেয়েছেন মার্চের ১৬ তারিখ, দ্বিতীয়টি মে মাসের ৮ তারিখে। তারপর সার্টিফিকেট ডাউনলোড করেই তিনি হতবাক। সেখানে লেখা রয়েছে তিনি কোভিড ভ্যাকসিনের ৫টি ডোজ পেয়েছেন। এবং এরপর ডিসেম্বর ২০২১ থেকে জানুয়ারি ২০২২ সালের মধ্যে তিনি আরও একটি ডোজ পাবেন। ফলে ষষ্ঠ ডোজটি তাঁর পাওনা রয়েছে। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এলাকায়।

ভ্যাকসিন সংক্রান্ত পোর্টাল কি হ্যা হচ্ছে?
প্রশাসনের দাবি, কেউ মশকরা করার জন্য ভ্যাকসিন সংক্রান্ত পোর্টাল হ্যাক করেছে। আর তা করেই সার্টিফিকেটে এমন ভুল তথ্য দিয়ে তা পেশ করা হয়েছে। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে প্রশাসন। এমনই তথ্য দিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।












Click it and Unblock the Notifications