Republic Day 2025: ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ভারত-মার্কিন সম্পর্ক দৃঢ় করে শুভেচ্ছা পাঠালেন মার্কিন বিদেশ মন্ত্রী
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতীয়দের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। রুবিও এক বার্তায় ভারতের উদ্দেশ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। রুবিও আরও উল্লেখ করে বলেছেন যে 'এই সম্পর্ক ২১ শতকের জন্য এক স্থায়ী সংযোগ হিসেবে গড়ে উঠবে'।
ভারত প্রজাতন্ত্র হিসেবে ৭৫ বছর পূর্ণ করার সাথে সাথে রবিবার দিল্লির কর্তব্য পথে বর্ণাঢ্য কুচকাওয়াজে দেশের সামরিক শক্তি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী করছে।

মার্কো রুবিও তাই তার আগে ভারতের দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন। তাঁর কথায়, "মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আমি ভারতের জনগণকে তাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে অভিনন্দন জানাই। এটি ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে একটি গুরুত্বপূর্ণ দিন, এবং আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তি হিসাবে এর তাত্পর্যকে উদযাপন করি"।
তিনি আরও উল্লেখ করেন যে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব এবং অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমাগত গভীর হচ্ছে। তাঁর কথায়, "আমাদের দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বই আমাদের সহযোগিতার ভিত্তি এবং ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে"।
কোয়াডের মাধ্যমে যৌথ প্রচেষ্টা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধি আনার লক্ষ্যে মহাকাশ গবেষণায় সমন্বয় এবং অন্যান্য প্রকল্পে সহযোগিতা আরও বৃদ্ধি করার প্রত্যাশাও এদিন প্রকাশ করেছেন মার্কিন বিদেশমন্ত্রী।
এর আগে, রুবিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এটি ছিল রুবিওর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে তিনি ট্রাম্প প্রশাসনের অধীনে ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এস জয়শঙ্কর সেই বৈঠকের পরে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আমাদের আলোচনায় সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে দৃষ্টি দেওয়া হয়েছে"। এই বৈঠক এবং পরে আজ মার্কিন বিদেশমন্ত্রীর এই বার্তা ভারত-মার্কিন সম্পর্ককে ভবিষ্যতে আরও দৃঢ় করার একটি দিক নির্দেশ করল বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications