ভারত সফরে আমেরিকার প্রেসিডেন্ট, নমস্তে ট্রাম্প থেকে তাজমহল দর্শন, একনজরে ডোনাল্ড ট্রাম্পের সফরসূচি
সোমবার ভারতে আসছেন সস্ত্রীক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকছেন কন্যা ইভাঙ্কাও। সোম ও মঙ্গলবার ব্যাপী এই সফরে ট্রাম্প ভারতে থাকবেন প্রায় ৩৬ ঘন্টার মতো।
সোমবার ভারতে আসছেন সস্ত্রীক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকছেন কন্যা ইভাঙ্কাও। সোম ও মঙ্গলবার ব্যাপী এই সফরে ট্রাম্প ভারতে থাকবেন প্রায় ৩৬ ঘন্টার মতো। আমেরিকার সপ্তম প্রেসিডেন্টের ভারত সফরে এলাহি আয়োজন প্রায় সম্পূর্ণ।

সবরমতী আশ্রম দিয়ে শুরু সফর
সস্ত্রীক ট্রাম্প সোমবার বেলা ১২.১৫ নাগাদ আহমেদাবাদের গান্ধী আশ্রম দিয়ে তাঁদের ভারত সফর শুরু করছেন। এমনটাই জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে।

দুপুর ১.০৫-এ নমস্তে ট্রাম্প
দুপুর ১.০৫ নাগাদ প্রেসিডেন্ট ট্রাম্প হাজির হবেন মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে। সেখানে প্রায় একলক্ষ দর্শকের সামনে তিনি ভাষণ দেবেন। সেপ্টেম্বর মোদীর হিউস্টন সফরের মতোই নমস্তে ট্রাম্প অনুষ্ঠানটি হতে চলেছে।

বিকেলে যাবেন আগ্রা
আহমেদাবাদ থেকে আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি যাবেন আগ্রায়। বিকেল ৫.১৫ নাগাদ তাঁরা আগ্রার তাজমহল দর্শন করবেন। সেখান থেকে তাঁরা যাবে দিল্লিতে।

রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা
২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টা নাগাদ ট্রাম্পকে রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দেওয়া হবে।

ট্রাম্প যাবেন রাজঘাটে
সেখান থেকে ট্রাম্প যাবেন রাজঘাটে। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন আমেরিকার প্রেসিডেন্ট।

হায়দরাবাদ হাউসে ট্রাম্প মোদী বৈঠক
রাজঘাট থেকে ফিরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ট্রাম্প-মোদীর বৈঠক হবে। বৈঠকের পর দুদেশের মধ্যে একাধিক মৌ কিংবা চুক্তি স্বাক্ষর হতে পারে। এসপ্তাহের শুরুর দিকে বিদেশ মন্ত্রকের মুখপত্র রাভিশ কুমার জানিয়েছিলেন দুদেশের মধ্যে পাঁচটি মৌ স্বাক্ষরিত হতে পারে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে দেশের পথে রওনা
রাতে ভারত ছাড়ার আগে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকার প্রেসিডেন্ট।












Click it and Unblock the Notifications