US India Nuclear Partnerships: নিয়মের গেরো তুলে দেবে বাইডেন! ভারতের জন্য বড় ঘোষণা আমেরিকার উপদেষ্টার
US India Nuclear Partnerships: ভারত সফরে এসে বড় ঘোষণা করে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান (Jake Sullivan)। সোমবার নয়াদিল্লিতে তিনি জানান, ভারত ও আমেরিকার মধ্যে পারমাণবিক প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি করার পথে সমস্ত বাধা সরিয়ে ফেলা হবে। ভারতীয় সংস্থাগুলির সঙ্গে এব্যাপারে চুক্তি করা হবে বলেও জানিয়ে দেন তিনি।
সুলিভানের কথায়, যে পারমাণবিক চুক্তির কথা ২০ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট বুশ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, তারই এবার প্রকৃত রূপায়ণ করা হবে। এসংক্রান্ত সমস্ত নিয়মের গেরো শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার দিল্লির আইআইটিতে বক্তৃতা রাখতে গিয়ে সুলেভান বলেন, ভারত ও আমেরিকা অংশীদারিত্বের পথ আরও মসৃণ করার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, "পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত ও আমেরিকার সংস্থাগুলির মধ্যে পারস্পারিক সহাবস্থানের পথে সমস্ত নিয়মের বেড়াজাল সরানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এব্যাপারে কাগুজে সইসাবুদ শীঘ্রই সেরে ফেলা হবে। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন যে সমস্ত বিদেশি সংস্থার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তাদের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হবে।"
এদিন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত ডোভালেরও (Ajit Doval) প্রশংসা করেন জেক সুলিভান। ভারত ও আমেরিকার (United States) মধ্যে প্রযুক্তিগত সহাবস্থানে ডোভালের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন সুলিভান।
তিনি বলেন, "ভারত ও আমেরিকার মধ্যে আগামিদিনে সম্পর্ক আরও সুদৃঢ় করতে, বিশেষত উন্নত প্রযুক্তির ক্ষেত্রে একজন ব্যক্তির নাম আমি নিতে চাই। তিনি হলেন অজিত ডোভাল। ওঁর আর আমার মধ্যে ব্যক্তিগত স্তরে হোক কিংবা পেশাদারিত্বের দিক থেকে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। যা আগামিদিনে ভারত ও আমেরিকার সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে।"
ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্কে শান দিয়ে সুলিভান আরও বলেন, "গত চার বছরে আমরা অতিমারী রোধে একসঙ্গে হাত মিলিয়েছি। বিশ্বে ভ্যাকসিন এনেছি। জেট ইঞ্জিন, সেমিকনডাক্টর থেকে শুরু করে ক্লিন এনার্জির ক্ষেত্রেও আমরা যৌথ উদ্যোগ নিয়েছি। আর কয়েক মাস বাদে মহাকাশে ভারতীয় মহাকাশচারী প্রেরণে এক হবে ভারত আমেরিকা। দুই দেশের অধিবাসীদের মিলিত চেষ্টায় এতদিনে এত সাফল্য এসেছে।" পারস্পারিক নির্ভরতাকে কখনও হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না বলেও এদিন চিনকে নিশানা করেন সুলিভান।












Click it and Unblock the Notifications