নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদ্মশ্রী ফেরাচ্ছেন উর্দু ব্যঙ্গ রচয়িতা মুজতবা হোসেন
নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদ্মশ্রী ফেরাচ্ছেন উর্দু ব্যঙ্গ রচয়িতা মুজতবা হোসেন
নাগরিকত্ব আইনের বিরোধিতায় এবার দেশের বিদ্বজ্জনেরা। সিএএ-র বিরোধিতায় এবার পদ্মশ্রী সম্মান ফেরাতে চলেছেন প্রখ্যাত ব্যঙ্গ রচয়িতা মুজতবা হোসেন। 'মোদী সরকার দেশে ভয় ও বিদ্বেষের পরিবেশ তৈরি করেছে’ এই অভিযোগ করে বর্তমানে পদ্মশ্রী পুরষ্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন এই বিখ্যাত উর্দু ব্যঙ্গ লেখক।

২০০৭ সালে তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়। ৮৪ বছর বয়সী এই ব্যঙ্গ রচয়িতাকে প্রায়শই উর্দুর মার্ক টোয়েন হিসাবে বর্ণনা করা হয়। দেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলে গিয়ে তিনি বলেন, “ক্ষমতাসীন সরকার যে ভাবে সংখ্যালঘুদের টার্গেট করে রাজনীতি করছে সেই বিষয়ে আমি গভীর ভাবে শোকাহত”। এই পরিবেশে তাঁর দমবন্ধ লাগছে এবং এই পরিস্থিতিতে তাঁর বিবেক তাঁকে ক্রমাগত দংশন করছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘনিষ্ঠ মহলে এই খ্যাতনামা ব্যঙ্গ রচয়িতা বলেন নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এবং প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেভাবে বিদ্বেষ ও ভয় তৈরি করা হচ্ছে তা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় লেখকদের মধ্যে অন্যতম হলেন মুজতবা হোসেন। উর্দু দৈনিক "সিয়াসাত"-এ লেখালেখির মাধ্যমে তিনি তাঁর প্রথম কর্মজীবন শুরু করেন। কয়েক বছর আগে পর্যন্তও তিনি ওই দৈনিকে নিয়মিত লিখেছেন।
যদিও এর আগে সাম্প্রতিক বছরগুলিতে দেশের বিভিন্ন ইস্যুর প্রতিবাদে একাধিক লেখক, কবি এবং শিল্পী তাদের পুরষ্কার ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে হোসেন হলেন সর্বপ্রথম যিনি নাগরিকত্ব আইনের প্রতিবাদে তাঁর পদ্ম পুরষ্কার ফিরিয়ে দিতে চলেছেন।












Click it and Unblock the Notifications