লকডাউন শিথিলেও বদলাচ্ছে না চিত্র! বেকারত্বের হারের নিরিখে গ্রামগুলিকে টেক্কা শহরাঞ্চলের
গত ১০০ বছরে বিশ্ব যে সব যুদ্ধ বা অর্থিক সমস্যা দেখেছে, কোভিড তার থেকে আলাদা। কোভিড সরাসরি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অর্থনীতিকে আঘাত করছে। জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোভিডের প্রভাব ভয়ঙ্কর। করোনা ধাক্কায় থমেকেছে জিডিপি প্রবৃদ্ধিও। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বেকারত্বের হারও।

কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছে কোভিড
অন্য বহু সমস্যা থেকে কোভিডের পার্থক্য বিস্তর। এর মধ্যে প্রধান হল, কোভিড একেবারে ব্যক্তি বিশেষের অস্তিত্বকেই প্রভাবিত করে। ব্যক্তি বিশেষের উপর প্রভাব পড়লে তা তার বাড়ির পরিবেশ, আয়, থাকা-খাওয়া, ব্যয় করার ক্ষমতাকে প্রভাবিত করে। আর এই অস্তিত্ব সঙ্কট যখন বিশ্বের সব দেশের কোটি কোটি মানুষকে প্রভাবিত করে, তখন ব্যক্তি বিশেষের বাড়ির পরিবেশ থেকে সংস্থা, সরকার এবং সব মিলিয়ে অর্থনীতি ব্যাপক ভাবে প্রভাবিত হয়।

শহর অঞ্চলের বেকারত্ব বৃদ্ধি
এমতাস্থায় শহর অঞ্চলের বেকারত্ব বৃদ্ধি নিয়ে ফের দুঃসংবাদ শোনাল সেন্টার ফর মনিটারিং ইণ্ডিয়ান ইকোনমিক বা সিএমআইই। সিএমআইই কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে, অগাস্টে শহরাঞ্চলের বেকারত্বের পরিমাণ ৯.৮৩ শতাংশে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে। জুলাইয়ে এই হার ছিল ৯.১৫ শতাংশ। এই রিপোর্টেই দেখা যাচ্ছে বর্তমানে শহরাঞ্চলে প্রতি ১০ জনের মধ্যে একজনই কাজের খোঁজ পাচ্ছেন না।

লকডাউনের জেরে শহরের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন
লকডাউনের জেরে শহরের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁরা আশা করছেন, লকডাউন উঠলে চাকরি ফিরে পাবেন। তবে বিশেষজ্ঞদের মতে লকডাউন মিটতে দেশীয় অর্থব্যবস্থা ধীরে ধীরে ছন্দে ফিরলেও প্রতিমাসেই চাকরি হারাচ্ছেন লক্ষাধিক মানুষ। এর আগে সিএমআইই তাদের পর্যবেক্ষণে জানিয়েছে শুধুমাত্র জুলাইয়ে গোটা দেশে চাকরি হারিয়েছেন প্রায় ৫০ লক্ষ বেতনভোগী কর্মচারী।

বাড়বে বেকারত্বের হার
এদিকে এর আগেও একাধিকবার অর্থনীতি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বাড়বে বেকারত্বের হার। সেই আশঙ্কা সত্যিও হয়েছে। এমনকী আগামীদিনের চাকরির দরজাও বন্ধ হচ্ছে বলে আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল। বেকারত্বের হার যে বেড়েছে , সেই তথ্য আবারও প্রকাশ্যে।

বেড়েছে গ্রামাঞ্চলের বেকারত্বের হারও
জুলাইয়ের থেকে অগাস্টে দেশের গ্রামাঞ্চলগুলিতে ক্রমেই বেড়েছে বেকারত্বের পরিমাণ। অগাস্টে গ্রামাঞ্চলে বেকারত্বের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭.৫ শতাংশ। জুলাইয়ে যা ছিল ৬.৬৬ শতাংশ। অন্যদিকে করোনাকালীন সঙ্কটের আগে গোটা দেশে গড় বেকারত্বের হার ছিল ৭.২২ শতাংশ থেকে ৭.৭৬ শতাংশের আশেপাশে।












Click it and Unblock the Notifications