UPSC Exam: নাম এক, রোল নম্বর এক, দুই ইউপিএসসি প্রার্থীকে ঘিরে বিভ্রাট মধ্যপ্রদেশে
ভারতের সবচেয়ে কঠিন ও সম্মানিত পরীক্ষাগুলির একটা হল ইউপিএসসি। সেই ইউপিএসসি পরীক্ষা ঘিরেই বিভ্রাটে শোরগোল মধ্যপ্রদেশে। বিভ্রাট দুই মহিলাকে ঘিরে। কারণ দেখা গিয়েছে, তাঁদের নাম, রোল নম্বর ও ব়্যাঙ্ক একই।
আয়েশা ফাতিমা (২৩) হলেন দেওয়াস জেলার বাসিন্দা। আয়েশা মাকরানি (২৬) হলেন আলিরাজপুরের বাসিন্দা। তাঁরা দুজনেই এই সিভিল সার্ভিস পরীক্ষায় ১৮৪ তম ব়্যাঙ্ক করেছেন। তা নিয়েই বিভ্রাট শুরু হয়।

দুই আয়েশা একে অপরের থেকে ২০০ কিলোমিটার দূরে থাকেন, একে অপরকে চেনেন না। অথচ তাদের কাছে একই রোল নম্বরের অ্য়াডমিট কার্ড রয়েছে। দুজনেই পুলিশে অগত্যা অভিযোগ জানান। এবং এর বিহিত চান।
আয়েশা মাকরানি দাবি করেন, তিনিই আসল প্রার্থী। তাঁর কথায়, আমি দুবছর কঠোর পরিশ্রম করেছি। আমার অধিকার অন্য কাউকে ছিনিয়ে নিতে দেব না। অন্যদিকে আয়েশা ফাতিমাও ঘটনায় হতবাক। তিনিও এর শেষ দেখে ছাড়বেন বলে জানান।
তবে দেখা গিয়েছে ফাতিমার অ্যাডমিট কার্ডে ইউপিএসসি ওয়াটার মার্ক ও কিউআর কোড রয়েছে। অন্যদিকে মাকরানি সাধারণ প্রিন্ট আউট নিয়ে এই দাবি করছেন। জানা গিয়েছে, ইউপিএসসি সূত্রেও বলা হয়েছে ফাতিমাই আসল প্রার্থী। এমন ঘটনা কী করে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
এই সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতিবছর ৮০০ জনকে চাকরিতে নেওয়া হয়। প্রিলিম, মেইন ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে দেশের অন্যতম সেরা এই পদে চাকরি দেওয়া হয়।












Click it and Unblock the Notifications