Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইজরায়েলে শীঘ্রই ইউপিআই, মুক্ত বাণিজ্যেও গতি, কূটনীতির উষ্ণতায় মোদীকে ‘ভাই' বললেন নেতানিয়াহু

ইজরায়েল সফরের শেষে ভারত ও ইজরায়েল সম্পর্কে নতুন দিগন্তের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দিনের ব্যস্ত কূটনৈতিক সূচি শেষ করে তিনি জানালেন, খুব শীঘ্রই ইজরায়েলের মাটিতেও চালু হবে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই। দুই দেশের মধ্যে এ নিয়ে সমঝোতা চূড়ান্ত হয়েছে। পাশাপাশি, বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও দ্রুত অগ্রগতির আশ্বাস মিলেছে যৌথ বিবৃতিতে।

যৌথ সাংবাদিক সম্মেলনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোদীকে সম্বোধন করেন "বন্ধুর থেকেও বেশি" বলে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত প্রতিক্রিয়া ও সমর্থনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, "নরেন্দ্র, তুমি শুধু বন্ধু নও, তুমি আমার ভাই।" বিমানবন্দরে আলিঙ্গন করে বিদায় জানানোর কথাও উল্লেখ করেন তিনি। সফরকালে ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গেও বৈঠক করেন মোদী।

ইজরায়েলের পার্লামেন্ট কনসেটে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট করেন, "পৃথিবীতে সন্ত্রাসের কোনও স্থান নেই।"

সফরের অন্যতম বড় ঘোষণা ভারত ও ইজরায়েলের ইউপিআই ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের চুক্তি। এর ফলে দুই দেশের নাগরিক ও ব্যবসায়িক লেনদেন আরও সহজ হবে। প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রেও একাধিক সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর হয়েছে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে।

মোদী জানান, শীঘ্রই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার লক্ষ্যেই এগোচ্ছে দুই দেশ। মে মাসে দ্বিতীয় দফার বৈঠকে বসবেন উভয় পক্ষের প্রতিনিধিরা। প্রথম দফার আলোচনা ইতিমধ্যেই দিল্লিতে শেষ হয়েছে। যন্ত্রাংশ, রাসায়নিক, বস্ত্র, কৃষি, চিকিৎসা পরিষেবা ও প্রযুক্তি এই ক্ষেত্রগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে হিরে, পেট্রোলিয়ামজাত পণ্য ও রাসায়নিক দ্রব্যেই সীমাবদ্ধ দ্বিপাক্ষিক বাণিজ্য। সেই তালিকা দীর্ঘ করে বহুমুখী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে দিল্লি ও তেল আভিভ। এশিয়ায় ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ইজরায়েল।

যৌথ বৈঠকে খানিক হালকা মুহূর্তও তৈরি হয়। নেতানিয়াহু জানান, তেল আভিভের একটি ভারতীয় রেস্তরাঁতেই প্রথমবার স্ত্রী সারার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। সেই অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি মজার ছলে বলেন, "খাবার ছিল অসাধারণ, ডেটও দারুণ। তাই স্বাভাবিকভাবেই আমি আপনার কাছে ঋণী।" এই মন্তব্যে সম্মেলনকক্ষ জুড়ে হাসির রোল পড়ে।

সফরের শেষ দিনে হলোকস্টে নিহত প্রায় ৬০ লক্ষ ইহুদির স্মৃতিতে নির্মিত স্মারক কেন্দ্র ইয়াদ ভাশেমে যান মোদী। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি গড়ে তুলেছিল কনসেট। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ভারতের বিদেশ মন্ত্রক জানায়, শান্তি ও মানবিক মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

এই সফরে মোদীকে ইজরায়েলের সর্বোচ্চ সংসদীয় সম্মান 'স্পিকার অফ দ্য নেসেট মেডেল' প্রদান করা হয়, প্রথম ভারতীয় রাষ্ট্রনেতা হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে প্যালেস্টাইনের 'গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন' সম্মানেও ভূষিত হয়েছিলেন তিনি।

গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। পশ্চিম এশিয়ায় শান্তি প্রক্রিয়ায় ভারতের ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এ কথা স্পষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট হারজগও।

দু'দিনের এই সফর শেষে স্পষ্ট, প্রতিরক্ষা ও কূটনীতির পাশাপাশি প্রযুক্তি ও বাণিজ্যেও ভারত ও ইজরায়েল সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। ডিজিটাল সংযোগ থেকে মুক্ত বাণিজ্য দুই দেশের অংশীদারিত্ব এখন আরও বিস্তৃত ও বহুমাত্রিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+