রবিবারেই যোগী ক্যাবিনেটের সম্প্রসারণ! ভোটের আগে মন্ত্রিসভায় যাঁদের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা
রবিবারেই যোগী ক্যাবিনেটের সম্প্রসারণ! ভোটের আগে মন্ত্রিসভায় যাঁদের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা
উত্তর প্রদেশে (uttar pradesh) যোগী ক্যাবিনেটের (yogi adityanath cabinet) সম্প্রসারণ আসন্ন। রবিবারই বিকেলে এই সম্প্রসারণ হতে চলেছে। এমনটাই খবর সূত্রের। ছয় থেকে সাতজন মন্ত্রীর অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।

ভোটের আগে মন্ত্রিসভায় সম্প্রসারণ
সামনের বছরের শুরুতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। উত্তর প্রদেশে বিধানসভায় ক্ষমতা দখল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সেই কারণে এই সম্প্রসারণে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।

মন্ত্রিসভায় যাঁদের অন্তর্ভুক্তির সম্ভাবনা
এদিন যোগী মন্ত্রিসভায় যাঁদের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদ। এই নেতা একটা সময় রাহুল গান্ধীর খুব কাছের বলেই পরিচিত ছিলেন। এছাড়াও উত্তর প্রদেশে কংগ্রেসের ব্রাহ্মণদের মুখ ছিলেন তিনি। গত জুনে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
জিতিন প্রসাদের অনুভুক্তি উত্তর প্রদেশে বিজেপিকে ব্রাহ্মণদের ভোটও সঙ্ঘবদ্ধ করতে সাহায্য করবে। কেননা যোগী আদিত্যনাথ নিজে ঠাকুর সম্প্রদায়ের।
উত্তর প্রদেশে ব্রাহ্মণদের ভোট রয়েছে প্রায় ১৩ শতাংশের মতো। গুরুত্বপূর্ণ এই ভোট একটা সময় কংগ্রেসকে সাহায্য করে এসেছে। তারপর এই ভোটের বেশিরভাগটাই সরে গিয়েছে বিজেপির দিকে। গতবছরের দুলাইয়ে জিতিন প্রসাদ ব্রাহ্মিণ চেতনা পরিষদ গঠন করেছিলেন। কিন্তু তার কোনও প্রভাব তিনি রাজনীতিতে ফেলতে পারেননি।
নিষাদ পার্টির সঞ্জয় নিষাদকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। উত্তর প্রদেশে এই দল বিজেপির সহযোগী। সঞ্জয় নিষাদ ওবিসি সম্প্রদায় ভুক্ত। তাঁর ছেলে প্রবীণ নিষাদ সাংসদ। গত কয়েকমাস আগে কেন্দ্রীয় ক্যাবিনেটের সম্প্রসারণে প্রবীণ জায়গায় না পাওয়া ক্ষোভ প্রকাশ করেছিলেন সঞ্জয় নিষাদ। সেই সময় সঞ্জয় নিষাদ হঁশিয়ারি দিয়ে বলেছিলেন বিজেপিকে এর ফল ভুগতে হবে বিধানসভা নির্বাচনে।

বিজেপি ক্ষমতায় ফিরবেই
গত সপ্তাহে যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, রাজ্যে বিজেপি ফের ক্ষমতায় ফিরবে। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠতাও থাকবে বলে দাবি করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, রাজ্য সম্পর্কে সবার ধারণা বদলে গিয়েছে। বিজেপি জোট রাজ্যে ৪০৩ টি আসনের মধ্যে অন্তত ৩৫০ টি আসন দখল করবে বলে দাবি করেছিলেন তিনি। প্রসঙ্গত ২০১৭-র নির্বাচনে বিজেপি ৩২৫ টি আসন দখল করেছিল। সহযোগীরা পেয়েছিল ৫৪ টি আসন। বিএসপি পেয়েছিল ১৯ টি আসন।

মোদীর ভরসা যোগীতেই
উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের প্রতি ভরাস ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেশের সব থেকে বড় উন্নয়ন অভিযাগ যোগীই করছেন বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপির ডাবল ইঞ্জিন মডেলের বড় উদাহরণ বলেও জানিয়েছিলেন তিনি।
বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর লোকসভা নির্বাচনের আগে, উত্তর প্রদেশের নির্বাচন বিজেপির কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বছরে বিভিন্ন রাজ্যে বিধানসভাগুলির নির্বাচনের মধ্যে অসমে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলেও, বাংলা, কেরল এবং তামিলনাড়ুতে সেরকম সাড়া জাগাতে পারেনি।












Click it and Unblock the Notifications