প্রতিবাদের আবহেও উত্তরপ্রদেশে করমুক্ত 'পিকে'
লখনউ, ৩১ ডিসেম্বর: দেশের বিভিন্ন অংশে হিন্দুত্ববাদী সংগঠনগুলি প্রতিবাদ জানাচ্ছে। সেই আবহেও আমির খানের 'পিকে' ছবিটি করমুক্ত হিসাবে ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব নিজেই এ কথা ঘোষণা করেন। এর ফলে উত্তরপ্রদেশে বিনোদন কর দিতে হবে না ওই ছবিটিকে।
'পিকে' ছবিটি হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে, এই দাবি তুলে প্রতিবাদে নেমেছে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সেনা ইত্যাদি সংগঠন। তারা এই ছবি নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে। যদিও সেন্সর বোর্ড সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও বলেছেন যে, 'পিকে' ছবিটি সেখানে চলবে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ঘোষণায় সংশ্লিষ্ট সংগঠনগুলি আরও ক্ষুণ্ণ হল বলে খবর।

'পিকে' ছবির প্রদর্শন ঘিরে মধ্যপ্রদেশ, দিল্লি, ওডিশা, রাজস্থান ইত্যাদি রাজ্যে ব্যাপক প্রতিবাদ হয়েছে। সিনেমা হলে ভাঙচুর, পোস্টার ছেঁড়া, প্রতিবাদ মিছিল ইত্যাদি হয়েছে। যদিও আমির খানের বক্তব্য, সিনেমাটির মাধ্যমে একটি সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হিন্দু ধর্মকে অপমান করার ওই সিনেমার উদ্দেশ্য নয়। পরিচালক রাজকুমার হিরানি-ও সমর্থন করেছেন আমিরের এই বক্তব্যকে।












Click it and Unblock the Notifications