লখিমপুর খেরি নিয়ে বড় পদক্ষেপ যোগী সরকারের! এক সদস্যের তদন্ত কমিশনের ঘোষণা
লখিমপুর খেরির (Lakhimpur Kheri) হিংসার ঘটনা নিয়ে একসদস্যের তদন্ত কমিশন (enquiry commission) গঠন করল উত্তর প্রদেশ সরকার (Uttar Pradesh Govt)। তদন্ত কমিশনের প্রধান করা হয়েছে, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ কুম
লখিমপুর খেরির (Lakhimpur Kheri) হিংসার ঘটনা নিয়ে একসদস্যের তদন্ত কমিশন (enquiry commission) গঠন করল উত্তর প্রদেশ সরকার (Uttar Pradesh Govt)। তদন্ত কমিশনের প্রধান করা হয়েছে, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবকে। তদন্ত কমিশনকে দুই মাসের মধ্যে এসংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিরোধীদের প্রবল চাপ
রবিবারের হিংসার ঘটনার পর থেকেই বিরোধীদের তরফে লখিমপুর খেরি নিয়ে প্রবল চাপ তৈরি করা হয়েছে উত্তর প্রদেশ সরকারের ওপরে। সেদিনের ঘটনার পরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, এই ঘটনার পিছনে যারা জড়িয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র-সহ বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির হিংসা, ষড়যন্ত্রের অভিযোগ-সহ বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
এবার রাজ্য সরকারের তরফে একসদস্যের তদন্ত কমিশন গঠন করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তদন্ত কমিশন গঠন নিয়ে ৩ নম্বর ধারা প্রয়োগ করেছেন। বলা হয়েছে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তার সদর দফতর হবে লখিমপুর খেরিতে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তব এই তদন্ত কমিশনের প্রধান হবে। তাঁকে এই কমিশনের রিপোর্ট জমা দিতে হবে ২ মাসের মধ্যে।

সংযুক্ত কিষাণ মোর্চার অভিযোগ
কেন্দ্রের কৃষি আইন বিরোধী কৃষকদের সংগঠন সংযুক্ত মোর্চার অভিযোগ করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র এই ঘটনায় সরাসরি জড়িত। এই সংগঠনের অভিযোগ, যে সময় কৃষকরা প্রতিবাদ করছিলেন, সেই সময় আশিস মিশ্র তিনটি গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হন এবং কৃষকদের পিষে দিয়ে চলে যায়। যদিও আশিস মিশ্র দাবি করেছেন, রবিবার এই ঘটনার সময় তিনি লখিমপুর খেরিতে ছিলেন না। একই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রীও। তাঁর পাল্টা দাবি, দুষ্কৃতীরা গাড়িগুলির দিকে পাথর ছোঁড়ে। যার জেরেই সেখানে দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়। প্রাণ যায় ৪ কৃষক-সহ আটজনের।

সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা
এদিকে লখিমপুরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে এই মামলার শুনানির জন্য। এর আগে লখিমপুর ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়ে সর্বোচ্চ আদালতে চিঠি দিয়েছিলেন উত্তর প্রদেশের দুই আইনজীবী।












Click it and Unblock the Notifications