UP Election 2022: অখিলেশের পাশে মমতা! ২০২৪-এর লক্ষ্যে বিজেপির সঙ্গে কি এবার কংগ্রেস বিরোধিতা, জল্পনা তুঙ্গে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুদিনের সফরে এদিন যাচ্ছেন উত্তর প্রদেশে (Uttar Pradesh)। সেখানে তিনি সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমর্থনে সাংবাদি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দুদিনের সফরে এদিন যাচ্ছেন উত্তর প্রদেশে (Uttar Pradesh)। সেখানে তিনি সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমর্থনে সাংবাদিক সম্মেলন করবেন, পাশাপাশি সাধারণ মানুষের কাছে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার আহ্বান করবেন। তবে মমতা-অখিলেশের এই মঞ্চ ভাগাভাগি ২০২৪-এর নির্বাচনের আগে নতুন জল্পনারও জন্ম দিচ্ছে।

অখিলেশের সমর্থনে সাংবাদিক সম্মেলন মমতার
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনও প্রার্থী দেয়নি। তবে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, তিনি অখিলেশ যাদবকে সমর্থন করবেন। তিনি এর আগে লখনৌ গিয়েছিলেন। সেই সময়ই জানিয়েছিলেন ফের সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলন করবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লখনৌতে পৌঁছনোর কথা রয়েছে বিকেল ৫.২০-তে। এরপর মঙ্গলবার সেখানে অখিলেশ যাদবের সমর্থনে সাংবাদিক সম্মেলন করবেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে অখিলেশ যাদবকে সমর্থনের অনুরোধ করবেন।

২০২৪-এর নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল
মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে তৃণমূল উত্তর প্রদেশে পার্থী না দিলেও, লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে দল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বাইরে একাধিক রাজ্যে পা রেখেছে তৃণমূল কংগ্রেস। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরা, মেঘালয়ের পাশাপাশি গোয়াতেও পা রেখেছে ঘাসফুল শিবির। এবার গোয়ার ৪০ টি আসনের মধ্যে ৩২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস।

২০২৪-এর আগে বিজেপির প্রধান বিরোধী হওয়ার পরিকল্পনা
তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস বিজেপিকে জায়গা ছেড়ে দিয়েছে। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ মোদী বিরোধী আন্দোলনে দেখা যাচ্ছে না কংগ্রেসকে। যদিও এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অখিলেশ যাদবের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কি বিজেপির পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও জোট গঠনে উৎসাহ যোগাচ্ছে না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। কেননা ২০২৪-এর আগে বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী কে, তা দেখানোরও প্রয়োজন হয়ে পড়েছে এই মুহূর্তে।
বিজেপির বিরুদ্ধে তিনিই লড়াই করছেন, তা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে বারবার দাবি করেছেন কিংবা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কংগ্রেসের সমালোচনা করলেও, জাতীয় পর্যায়ে কংগ্রেসকে নিয়ে অবস্থান পুরোপুরি স্পষ্ট করেনি তৃণমূল কংগ্রেস।

কংগ্রেস বিরোধী জোট গঠনের জল্পনা
সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমর্থনে হাত বাড়িয়ে দিচ্ছেন, সেই পরিস্থিতিতে ২০২৪-এর আগে বিজেপির পাশাপাশি কংগ্রেস বিরোধী জোট গঠন নিয়েও জল্পনা তীব্র হয়ে উঠেছে। যদিও এই মুহূর্তে উত্তর প্রদেশের রাজনীতিতে তৃণমূলের কোনও প্রভাব নেই। কিন্তু অখিলেশের সমর্থনে লখনৌতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে, তাঁর বিরোধীরা রাজনৈতিক উচ্চাভিলাশের অভিযোগই করছেন। তবে কোনও কোনও রাজনৈতিক নেতা আবার ২০১২ সালের জুনে কথাও মনে করিয়ে দিচ্ছেন। সেই সময় মনমোহন সিং সরকার কিংবা রাষ্ট্রপতি পদে এপিজে আব্দুল কালামকে সমর্থন করা নিয়ে অখিলেশ যাদবের বাবা মূলায়ম সিং যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বিরোধের কথাও। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মূলায়ম সিং যাদব দুজনেই ইউপিএ পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের বিরোধিতা করলেও, শেষ মুহূর্তে সমাজবাদী পার্টির নেতা প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছিলেন।
দিন কয়েক আগে অখিলেশ যাদবের দূত হয়ে কলকাতায় আসা কিরণময় নন্দ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা একটি দলের সুপ্রিমোই নন, তিনি জাতীয় পর্যায়ে বিজেপি বিরোঝী মুখ। তবে তিনি ২০২৪-এর সাধারণ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই বিরোধী শিবিরে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কিনা, সেব্যাপারে সরাসরি কোনও উত্তর দেননি।












Click it and Unblock the Notifications