Uttar Pradesh Bypoll Result: উপনির্বাচনের প্রেস্টিজ ফাইটে BJP-এর জয়, 'মোদীতেই আস্থা উত্তরপ্রদেশের,' বললেন যোগী
Uttar Pradesh By election Result: উত্তরপ্রদেশে ৯টি আসনে বিধানসভা উপনির্বাচনেও ভোটগণনা হল শনিবার। ৬টিতেই জয়ী হয়েছে বিজেপি (BJP)। ২টি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। ১টি আসনে জয়ী হয়েছেন রাষ্ট্রীয় লোক দলের প্রার্থী। লোকসভার সন্তোষজনক ফলের পর উপনির্বাচনের প্রেস্টিজ ফাইটে অক্সিজেন ফিরে পেল বিজেপি।
বিগত লোকসভা নির্বাচনে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টির থেকে পিছিয়ে গিয়েছিল বিজেপি। ৬ মাসের হোমওয়ার্ক অবশেষে সুফল দিল বিধানসভা উপনির্বাচনে। বিজেপি অধিকাংশ আসনে জিততেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বললেন, মোদীর নেতৃত্বে রাজ্যবাসীর আস্থা রয়েছে তা প্রমাণিত।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে যোগী লেখেন, "নরেন্দ্র মোদীর নেতৃত্বে অগাধ ভরসা রয়েছে উত্তরপ্রদেশবাসীর, আজকের উপনির্বাচনেই তা প্রমাণিত। ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন, কর্মীদের নিরলস পরিশ্রম, সুশাসন ও জনকল্যাণমূলক প্রকল্প আনার সুফল মিলেছে।"
জয়ের পর মোদীর বেঁধে দেওয়া 'এক হ্য়ায় তো সেফ হ্য়ায়' স্লোগানেই শান দিলেন যোগী আদিত্যনাথ। 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' স্লোগান নিয়ে হাজারো বিতর্ক। উত্তরপ্রদেশে উপনির্বাচনে জয়ের পর কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে যোগী ফের একবার ঐকবদ্ধ থাকারই বার্তা দিলেন যোগী।
উত্তরপ্রদেশের যে ৯টি বিধানসভা আসনে উপনির্বাচন (Uttar pradesh bypoll) হয়েছে, সেগুলি হল কুন্দরকি, খৈর, গাজিয়াবাদ, ফুলপুর, কাটিহারি, মীরাপুর, কারহাল, সিসমৌ ও মাঝাওয়ানে। সিসমৌ ও কারহালে জয় পেয়েছে সমাজবাদী পার্টি। অন্যদিকে মীরাপুরে জিতেছেন রাষ্ট্রীয় লোক দলের প্রার্থী মিথিলেশ পাল। বাকি ছয় আসনে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা।
উত্তরপ্রদেশে লোকসভা আসনের সংখ্যা ৮০টি। বিগত লোকসভা নির্বাচনে মাত্র ৩৩টিতে জয়ী হয় বিজেপি। সমাজবাদী পার্টি ৩৭টি আসনে জয়ী হয়েছিল। লোকসভায় ব্যাকফুটে থাকার পর উপনির্বাচনে জয় উত্তরপ্রদেশে সাতাশের বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন জোগাল।












Click it and Unblock the Notifications