মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের মন্তব্য! অযৌক্তিক ও বিভ্রান্তিকর বলে ওড়াল ভারত
মণিপুর নিয়ে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের মন্তব্য প্রত্যাখ্যান করল ভারত। বিষয়টিকে অযৌক্তিক, অনুমানমূলক ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করা হয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ বলেও দাবি করা হয়েছে ভারত সরকারের তরফে।
রাষ্ট্রসংঘে ভারতীয় রাষ্ট্রদূতের অফিস থেকে বলা হয়েছে, মণিপুরের পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্থিতিশীল। ভারত সরকার সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে আরও বলা হয়েছে সরকার মণিপুরের জনগণ শুধু নয়, ভারতের জনগণের মানবাধিকার রক্ষার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদলের একটি প্রতিবেদনে বলা হয়েছিল মণিপুরে হিংসা, ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যা, বাড়িতে হামলা, বাস্তুচ্যুত হওয়া, নির্যাতনসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তারপরেই ভারতের তরফে এই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই সংস্থার উচিত ছিল ভারত সরকারের কাছ থেকে চাওয়া ইনপুটগুলির জন্য অপেক্ষা করা।
মণিপুর নিয়ে তথ্য প্রকাশ করে বিতর্ক তৈরি করেছে স্পেশাল প্রসিডিওর ম্যান্ডেট হোল্ডার্স। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের তরফে বলা হয়েছে, স্পেশাল প্রসিডিওর ম্যান্ডেট হোল্ডার্স ৬০ জনের জন্য অপেক্ষা না করেই প্রেস রিলিজ জারি করেছে। ভারতীয় মিশনের তরফে আশাপ্রকাশ করে বলা হয়েছে, ভবিষ্যতে স্পেশাল প্রসিডিওর ম্যান্ডেট হোল্ডার্স তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করবে।
রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, তারা মণিপুরে লিঙ্গভিত্তিক হিংসা সেখানে দেখেছেন। সেখানে সব বয়সের শত শত মহিলা বিশেষ করে কুকি মহিলাদের লক্ষ্য করে হিংসা ও আক্রমণ সংগঠিত করা হয়েছে।
রাষ্ট্রসংঘে ভারতীয় মিশনের তরফে বলা হয়েছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেখানে আইনের শাসনের প্রতি অবিচল প্রতিশ্রুতি রয়েছে। এছাড়াও দেশে জনগণের মানবাধিকার সুরক্ষিত। ভারতীয় আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী আইনি নিশ্চয়তা, প্রয়োজনীয়তা ও নীতি অনুসারে কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে প্রতিশ্রুতিবদ্ধ।












Click it and Unblock the Notifications