জোর কদমে চলছে সৌরশক্তির পরিচালিত বৈদ্যুতিক হাইওয়ে উন্নয়নের কাজ, দাবি মন্ত্রীর
জোর কদমে চলছে সৌরশক্তির পরিচালিত বৈদ্যুতিক হাইওয়ে উন্নয়নের কাজ, দাবি মন্ত্রীর
কেন্দ্র শক্তি সৌরশক্তি চালিত বিদ্যুতিক মহাসড়কের কাজ জোর কদমে শুরু করে দিয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। তিনি বলেন, 'আমরা বৈদ্যুতিক মহাসড়কগুলো উন্নয়নের কাজ শুরু করেছি। এই বৈদ্যুতিক মহাসড়কগুলো সৌরশক্তি দ্বারা চালিত হবে। যা ভারী শুল্কবাহী ট্রাক বা বাসকে চার্জ করতে সাহায্য করবে।' পাশাপাশি একাধিক পরিবেশ বান্ধব গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বৈদ্যুতিক মহাসড়ক উন্নয়নের কাজ
বৈদ্যুতিক মহাসড়ক বলতে সাধারণত এমন একটি রাস্তাকে বোঝায় যার ওভারহেড পাওয়ার লাইন রয়েছে। যা চলাচলকারী যানবাহনকে বিদ্যুৎ সরবরাহ করে। ইন্দো আমেরিকান চেয়ার অফ কমার্স অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতীন গড়করি বলেন, সরকার টোলপ্লাজাগুলোকে সৌর চালিত করতে উৎসাহিত করছে। সরকার প্রায় ২৭টি গ্রিন্ড ফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি করছে। পিএম গতি শক্তি মাস্টার প্ল্যান চালু হওয়ার সাথে সাথে প্রকল্পগুলি দ্রুত ছাড়পত্র পাবে এবং এটি লজিস্টিক খরচ কমিয়ে দেবে।

গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণ
কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'আমরা পাঁচ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে সারা দেশে ১০,০০০ কিলোমিটারের ২৭টি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছি যা প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের।' তিনি বলেন যে এই করিডোরগুলির ফলে মূল অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে দুরত্ব ১৪ শতাংশ হ্রাস পাবে। এর ফলে পরিবহণ খরচ অনেকটা কমে যাবে। তিনি জানান, এই গ্রিনফিল্ড এক্সপ্রেস করিডরের ফলে ২.৫ শতাংশ পরিবহন ব্যয় কমবে৷ এছাড়াও, প্রায় ১১০ কোটি লিটার জ্বালানি সাশ্রয় হবে। যার ফলে প্রতি বছর ২৫০ কোটি কেজি কার্বন ডাই অক্সাইড নির্গমণ হ্রাস পাবে। তিনি মন্তব্য করেন, আর্থির সাশ্রয়ের সঙ্গে পরিবেশের দূষণ অনেকটা হ্রাস পাবে।

ট্রি ব্যাঙ্ক নির্মাণ
বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি বলেন, জাতীয় সড়কের পাশে তিন কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মহাসড়ক নির্মাণ ও সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপনের সিদ্ধান্ত কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে। কেন্দ্র বৃক্ষরোপনের এই কর্মসূচিকে সামনে রেখে নয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অনুসারে ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই), দ্য ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) এর মতো কর্তৃপক্ষকে মহাসড়ক সম্প্রসারণ বা নির্মাণের সময় সময় বৃক্ষ রোপন করতে হবে। কেন্দ্র তাদের এই নয়া সিদ্ধান্তকে ট্রি ব্যাঙ্ক বলে উল্লেখ করেছে।

মার্কিন সংস্থাকে বিনিয়োগের আহ্বান
ইন্দো আমেরিকান চেয়ার অফ কমার্স অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতীন গড়করি বলেন, ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়েছে। ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। ভারতের উন্নত পরিকাঠামো অর্থনৈতিক সক্রিয়তা বাড়াবে। যার ফলে নতুন ব্যবসা বা কর্মসংস্থান সৃষ্টি করতে উৎসাহ জোগাবে।এই বিষয়ে তিনি মার্কিন সংস্থাগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।












Click it and Unblock the Notifications