লোকসভা ভোটের মুখে মোদী ক্যাবিনেট থেকে ইস্তফা মন্ত্রীর! বিরোধী শিবিরে যোগদানের সম্ভাবনা
লোকসভা ভোট ঘোষণার পরে নরেন্দ্র মোদী ক্যাবিনেট থেকে ইস্তফা দিলেন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির সুপ্রিমো পশুপতি পরস। সোমবার বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার পরদিন এই সিদ্ধান্ত নিয়েছে পশুপতি পরস।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া পরে পশুপতি পরস বলেন, তাঁর এবং তাঁর দলের প্রতি অবিচার করা হয়েছে। এনডিএ-র মধ্যে থেকে পশুপতি পরস নিজের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি বর্তমান পাঁচ সাংসদের সবার টিকিট দাবির পাশাপাশি নিজে রামবিলাস পাসোয়ানের গড় বলে পরিচিত হাজিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন।

মঙ্গলবার মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরে পরস বলেছেন, সোমবার এনডিএ বিহারের ৪০ টি আসনের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। কিন্তু কোথাও তাঁর দলকে সুযোগ দেওয়া হয়নি। তাঁদের দলের পাঁচজন সাংসদ ছিলেন। তিনি দাবি করেছেন, আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন তিনি। তারপরেও তাঁর ও তাঁর দলের সঙ্গে অবিচার করা হয়েছে। সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তিনি ইস্তফা দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান গত সপ্তাহে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করার পর থেকেই পশুপতি পরসের এনডিএ ত্যাগ নিয়ে জল্পনা চলছিল। চিরাগ পাসোয়ান সেই সময় বলেছিলেন. তাঁর আলোচনা ইতিবাচক হয়েছে এবং সময় এলে আসন ভাগাভাগির চূড়ান্ত ঘোষণা করা হবে।
সেই সময়ই পশুপতি পরস বিজেপির প্রতি বিরক্তি প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন তাঁর দরজা খোলা রয়েছে। এনডিএ তাঁর সঙ্গে ভাল আচরণ না করলে তিনি জোট ত্যাগ করতে পারেন বলেও জানিয়েছিলেন। তারপরে পরস বলেছিলেন, এনডিএ-র প্রার্থী তালিকা বের না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন।
ইন্ডিয়া ব্লকের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, সেই প্রশ্নের উত্তরে পশুপতি পরস বলেছিলেন, তিনি কারও সঙ্গে আলোচনা করেননি। তাঁর পাঁচ সাংসদ রয়েছে। এনডিএ-র উচিত ছিল এব্যাপারে লক্ষ্য দেওয়া। কিন্তু তাঁর দলের প্রতি সুবিচার হয়নি। তবে তিনি যে ছেড়ে দেবেন না, তার ইঙ্গিত করেছিলেন।
উল্লেখ্য, সোমবার এনডিএ বিহারে আসন ভাগাভাগির কথা ঘোষণা করে। সেখানে বিজেপি ১৭ টি আসনে, জেডিইউ ১৬ টি আসনে। চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পাঁচটি এবং হিন্দুস্তান আওয়ামি মোর্চা ও উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চাকে একটি করে আসন দেওয়ার কথা জানানো হয়।












Click it and Unblock the Notifications