আর কিছুক্ষণ, তারপরই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কিন্তু আজ তাঁর পরনে কী শাড়ি?
অষ্টম বারের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৫-২০২৬ অর্থ বর্ষের জন্য এই বাজেট পেশ করবেন তিনি। আর তা দেশের ইতিহাসে সর্বকালীন রেকর্ড হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।
এর আগে সবথেকে বেশিবার অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশের নজির গড়েছিলেন মোরারজি দেশাই। সেই রেকর্ডকেও এবার ছাপিয়ে যেতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। তৃতীয় বার ক্ষমতায় আসার পর এটা মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট।

আর তাই এই বাজেটকে ঘিরেই ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ। মুদ্রাস্ফীতি সহ একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে মোদী সরকার। এই অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার যাতে এবারের বাজেটে কোনও দিশা দেখায় সেদিকেই নজর সবার। একই সঙ্গে বেকারত্ম নিয়ন্ত্রণেও এবার মোদী সরকার বিশেষ নজর দিতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কর ছাড়ের আশায় বাজেটের দিকে তাকিয়ে বেতনভোগী কর্মীরা। অর্থাৎ এক কথায় আজ সবাই তাকিয়ে রয়েছেন নির্মলা সীতারামনের দিকেই।
আর সেই কেন্দ্রীয় মন্ত্রীর পোশাকেও আজকের দিনে থাকে বিশেষ চমক। কেননা ভারতের বিভিন্ন ঐতিহ্যের এক ছাঁচ তুলে ধরেন তিনি তাঁর পোশাকে। প্রতি বছর অর্থমন্ত্রীর শাড়ি মানুষের মনোযোগ আকর্ষণ করে। অর্থমন্ত্রী গত ৭ বার ভারতীয় তাঁতের শাড়ি পরে বাজেট পেশ করেছেন।
গত বছর অর্থাৎ ২০২৪-'২৫ অর্থবর্ষের বাজেট পেশের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরেছিলেন বেগুনি বর্ডার দিয়ে অলঙ্কৃত একটি অফ-হোয়াইট সিল্ক শাড়ি। সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ। আর ওই বছরই অন্তর্বর্তীকালীন বাজেট ২০২৪-এ নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গের একটি প্রসিদ্ধ বস্ত্র শিল্প, কাঁথা স্টিচ দিয়ে অলঙ্কৃত একটি নীল তসর সিল্ক শাড়ি পরেছিলেন।
আর এবার তাঁর পরনে রয়েছে লাল ব্লাউজ, সাদা শাড়ি। তবে যেমন তেমন শাড়ি নয়, তিনি আজ পরেছেন মধুবনী শিল্ক। বাজেটসজ্জায় এবার নির্মলার পরনে সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি রয়েছে।
শাড়িটি বিহারের শিল্পী দুলারি দেবীর হাতে তৈরি। গত ২০২১ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। মিথিলা আর্ট ইন্সটিটিউট তৈরি করে মধুবনী শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে। জানা যাচ্ছে, দুলারি দেবী বাজেট অধিবেশনে পরার জন্য এই শাড়িটি বিশেষভাবে তৈরি করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। আর আজ সেই শাড়ি পরেই দেশের আগামী দিনের বাজেট ভবিষ্যতই বলতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।












Click it and Unblock the Notifications