বাজেট ২০২৫: সাধারণ মানুষের জন্য বাজেটে কিছুই নেই, সমস্বরে তোপ বিরোধীদের
শনিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে আয়করের ঘোষণা নিয়ে দেশজুড়ে হইচই পড়ে গেলেও বিরোধী বলছেন, ২০২৫-২৬ সালের সাধারণ বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। নরেন্দ্র মোদী সরকার আসন্ন বিহার নির্বাচনের কথা মাথায় রেখে এই বাজেট পেশ করেছে। গত দশ বছরে এই বাজেট সবচেয়ে দুর্বল বলে কংগ্রেস সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমালোচনা করে বলেছেন, বাজেটে পশ্চিমবঙ্গের জন্যও কিছুই নেই।
শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কউর এই বাজেটকে কৃষক বিরোধী বলে ব্যাখ্যা করেছেন। বাজেটে শুধুই বিহার নিয়ে ঘোষণা, পাঞ্জাব নিয়ে কিছু নেই। কৃষকেরা চার বছর ধরে রাস্তায় বসে। কোনও ঘোষণা নেই। এটা কৃষক বিরোধী বাজেট।

অভিষেক সংসদে সাংবাদিকদের বলেন, "বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। আসন্ন বিহার নির্বাচনের কথা মাথায় রেখে বাজেট পেশ করা হয়েছে। গতবারও সব ঘোষণা ছিল অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য। অন্ধ্রপ্রদেশের নির্বাচন শেষ, বিহারের নির্বাচন আসন্ন, তাই সরকার বিহারের উপর ফোকাস করছে।"
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গ গত দশ বছরে কিছুই পায়নি, আজও কিছু ছিল না।" গোটা বাজেট ঘোষণাকেই দুর্ভাগ্যজনক বলে তিনি তোপ দেগেছেন। বাজেটটি বিভ্রান্তিকর। বাজেট যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে বিভ্রান্তি বেড়েছে। বাজেটে মধ্যবিত্তদের জন্য কিছুই নেই বলেও অভিষেক সমালোচনা করেছেন। ডিএমকে সাংসদ দয়ানিধি মারান কেন্দ্রীয় বাজেটকে দেশের জন্য একটি 'বড় বিপর্যয়' বলে সরব হয়েছেন।
বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী বলেছেন, সারা দেশে দরিদ্রতা বাড়ছে, কর্মহীনতা, জিনিসপত্রের দাম বাড়ছে। কংগ্রেস সরকারের মতোই বিজেপি সরকারও রাজনীতির কথা মাথায় রেখে সাধারণ মানুষের কথা না ভেবে বাজেট পেশ করেছে। আগামিদিনে মানুষের উন্নয়ন করতে হলে সকলকে সঙ্গে নিয়ে চলতে হবে।কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেছেন, এটাই গত বছর বছরে সবচেয়ে দুর্বল বাজেট। কুম্ভ মেলায় পদপিষ্টর ঘটনায় আমরা আলোচনা চেয়েছিলাম। তা হয়নি বলে বেরিয়ে এসেছি। আমরা চাই আলোচনা হোক ও সত্য বেরিয়ে আসুক।
সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও বাজেটের চেয়ে কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা নিয়ে বেশি সরব হয়েছেন। তাঁর কথায়, ১২ বছর পর পর মহাকুম্ভ হয়। আমাদের কাছে বাজেট তথ্যের চেয়ে কুম্ভ মেলায় পদপিষ্টের তথ্য বেশি গুরুত্বপূর্ণ। সরকার বলতে পারছে না কতজন মারা গিয়েছেন। সরকার যে মৃতের সংখ্যা বলছে সেটিও ভুল বলে অখিলেশ দাবি করেছেন।












Click it and Unblock the Notifications