Union Budget 2024: যুব-মহিলা-কৃষক-দরিদ্র সবাই উপকৃত হবেন! বাজেটের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। মোট ৪৭.৬৬ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সেই বাজেটের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই বাজেট দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেছেন, এই বাজেটের মাধ্যমে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী বলেছেন, বন্দে ভারতের মতো ৪০ হাজার কোচ তৈরি করে সাধারণ ট্রেনে বসানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই সিদ্ধান্তে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই বাজেটে দরিদ্র ও মধ্যবিত্তের ক্ষমতায়ন ও তাঁদের জন্য নতুন কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়া হয়েছে। গরিবদের জন্য আরও দুই কোটি বাড়ি তৈরির কথা ঘোষণা করা হয়েছে। তিনি বলেছেন, সরকারের এখন তিন কোটি লাখপতি দিদি তৈরির টার্গেট নিয়েছে।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটকে অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বলেও বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ই বাজেটে ধারাবাহিকতার আস্থা রয়েছে। এই বাজেট উন্নত ভারতের চার স্তম্ভ যুব-মহিলা-কৃষক-দরিদ্রকে শক্তিশালী করতে বলেও মনে করে তিনি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই বাজেট দেশের ভবিষ্যত গড়ার বাজেট। এই বাজেট ২০৪৭ সালের উন্নত ভারতের ভিত্তি মজবুত করার নিশ্চয়তা দেয়। তিনি এই বাজেটের জন্য অর্থমন্ত্রী-সহ তাঁর পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেটে আয়করের একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। তা একটি বড় জনগোষ্ঠীকে স্বস্তি দেবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এদিন ঘোষিত নতুন আয়কর প্রকল্প মধ্যবিত্তের এককোটি মানুষকে বড় স্বস্তি দেবে। আগের সরকারগুলি সাধারণ মানুষের মাথার ওপরে খাঁড়া ঝুলিয়ে রেখেছিল বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী দাবি করেছেন, এবারের বাজেটে কৃষকদের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এবারের বাজেট তরুণদের আকাঙ্খার প্রতিফলন। যা ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে। এই বাজেট দেশে গবেষণা এবং উদ্ভাবনকে শক্তিশালী করতে তহবিল গঠন করতে এক লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন এই বাজেটে স্টার্ট আপগুলির জন্যও ছাড় দেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে এবারের বাজেট উপস্থাপনের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়েছেন। যিনি অর্থমন্ত্রী হিসেবে ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত পাঁচটি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন।












Click it and Unblock the Notifications