অনলাইন শিক্ষায় জোর, ডিজিটাল ইউনিভার্সিটি তৈরির পরিকল্পনা নির্মলা সীতারামনের
অনলাইন শিক্ষায় জোর, ডিজিটাল ইউনিভার্সিটি তৈরির পরিকল্পনা নির্মলা সীতারামনের
করাল করোনার থাবা গোটা দেশে পড়ার পর থেকেই দরজা বন্ধ হয়েছে দেশের সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের। সেই পরিচিত ক্লাসরুম, স্কুলের ঘণ্টা বা ছুটির সময় পড়ুয়াদের উল্লাস এখন প্রায় অতীতের খাতায়। বই খাতা, ব্ল্যাক বোর্ড, চক ডাস্টার, সবকিছুর বদলে এখন সবাই মুখ গুঁজেছে অ্যান্ড্রয়েড ফোনের অন লাইন ক্লাসে। কিন্তু সেখানেই শুরু হয়েছে নয়া বিপত্তি। ফোন আর অনলাইন ক্লাসে কি সত্যিই দেশের যুব সমাজের কিছু উন্নতি হচ্ছে? এই নিয়ে দেশজুড়ে হচ্ছে তোলপাড়। শিক্ষাবিদরা অবশ্য এই অনলাইন ক্লাসকে মোটেই ফার্স্ট ক্লাস দিতে নারাজ। কিন্তু এটি ধীরে ধীরে কার্যকররিতা নয়, বরং প্রয়োজনীয়তার পর্যায়ে পৌঁছেছে। আর সেই কথাই শোনা গেল দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের গলাতেও।

অনলাইন ক্লাসই ভবিষ্যৎ
কেন্দ্রীয় বাজেট ২০২২-২০২৩ পেশ করলেন নির্মলা সীতারামন। আর সেখানেই তিনি উল্লেখ করেন আগামী দিনে অনলাইন ক্লাস করাটাই ভবিষ্যৎ হয়ে দাঁড়াতে চলেছে। আর সেই নতুন প্রজন্মের সুবিধার কথা মাথায় রেখে শিক্ষা ক্ষেত্রে বেশকিছু রদবদলের ভাবনার উল্লেখ করলেন নির্মলা সীতারামন। আর তার মধ্যেই উল্লেখযোগ্য হল লেখাপড়ায় ডিজিটালাইজেশন।

ই-শিক্ষায় বিকাশ
ই-শিক্ষার উপরে জোর দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই মতই দেশের নতুন প্রজন্মের দাবির কথা মাথায় রেখে দেশে আগামী দিনে তৈরি হতে চলেছে ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এছাড়াও তিনি জানালেন ডিজিটাল শিক্ষার একগুচ্ছ আগামী পরিকল্পনার কথাও। ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার আরও প্রসার হবে বলেই মত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।

শিক্ষকদের ডিজিটাল প্রশিক্ষণ
প্রয়োজন হলে ডিজিটাল পদ্ধতিতে পড়নোর প্রশিক্ষণও দেওয়া হবে শিক্ষকদের, এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার জন্য টিভি চ্যানেল তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের আলাদা আলাদা বিভিন্ন ভাষায় ২০০ টিরও বেশি চ্যানেল তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারামন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রের বেশি করে উন্নয়নের জন্য দেশে ২লক্ষ অঙ্গনওয়ারি কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।












Click it and Unblock the Notifications