বাজেট ২০২১: মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কর কাঠামো বদল? করোনা আবহে কোন পথে হাঁটবেন নির্মলা
আজ সংসদে ২০২১-২২ সালের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ মধ্যবিত্তদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে এবারের বাজেট? প্রশ্ন বিভিন্ন মহলে৷ যদিও এবারে মোদী সরকারের বাজেটে থাকছে বিশেষ নজর৷ একদিকে কোরোনা পরিস্থিতি অপরদিকে এবছরই দেশের মোট ৫টি রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ সেদিকে নজর রেখেই এবারে নির্মলা সীতারমণ সাবধানী বাজেট পেশ করতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ৷

আর্থিক ঘাটতি দেখা দিয়েছে
করোনা ভাইরাস অতিমারীর আবহে দেশে যে আর্থিক ঘাটতি দেখা দিয়েছে তা থেকে বেরোতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে৷ কিছু কিছু ক্ষেত্রে সময়টা আরও দীর্ঘ হতে পারে৷ তাই এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নজর ঠিক কোন কোন দিকে থাকে সেদিকেই তাকিয়ে দেশবাসী৷

নির্মলার বাজেট হতে চলেছে সাবধানী বাজেট
এদিকে এবছরে নির্মলার বাজেট হতে চলেছে সাবধানী বাজেট৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ৷ কারণ এবছরই ৪টি রাজ্য ও একটি কেন্দ্রশাষিত অঞ্চলে হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পদুচেরিতে ভোট হতে চলেছে৷ তাই এবারের বাজেটে এই ৫টি রাজ্যের জন্য কি বিশেষ কোনও চমক থাকছে? এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে৷

কর কাঠামোতে বদল?
এই আবহে জনসাধারণের চাহিদা, কর কাঠামোতে বদল এনে সবাইকে স্বস্তি দিক কেন্দ্র। এর আগে গত কেন্দ্রীয় বাজেটে অপশনাল নতুন কর কাঠামো চালু করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে চাইলে করদাতারা পুরনো কাঠামোয় আয়কর দিতে পারবেন বলে জানান তিনি। তবে করোনার জেরে লক্ষ্যমাত্রার থেকে দ্বিগুণ আর্থিক ঘাটতি এই বাজেটে সরকারের হাত বেঁধে দিয়েছে। সে ক্ষেত্রে কর কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা কতটা? তা নিয়ে রয়েছে সংশয়।

মহামারীর প্রভাবে ঝিমিয়ে পড়েছে দেশের অর্থনীতি
মহামারীর প্রভাবে ঝিমিয়ে পড়া দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সাধারণ মানুষের হাতে আরও বেশি করে টাকা পৌঁছে দেওয়ার উপরে জোর দিয়ে আসছেন অর্থনীতিবিদরা। কারণ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে স্বাভাবিকভাবে বাজারে তার প্রভাব পড়বে। বছরজুড়ে কাজ হারিয়েছেন প্রায় ১৪ কোটি মানুষ।

জনসাধারণের প্রত্যাশা
সে কথা মাথায় রেখে নির্মলা সীতারামনের উচিত চাকরিজীবীদের জন্য করছাড়ের পরিমাণ বাড়ানো। এছাড়া গৃহঋণের উপর করছাড় বাড়ালে বা কর মকুব করলে লাভের সম্ভাবনাই বেশি। এবার বাজেট তৈরির সময় সাধারণ মানুষের হাতে যাতে আরও বেশি টাকা তুলে দেওয়া যায়, তার জন্য আয়করের বোঝা কমানোর বিষয়টি আলোচিত হয়েছিল। এই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে সেই বিষয়ে পদক্ষেপ দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications