নির্মলার দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছে শেয়ার বাজার, বাজেট পেশের আগেই ঊর্ধ্বমুখী সেনসেক্স
করোনা পরিস্থিতিতে ক্ষতি হয়েছে ব্যবসায়। কাজ হারিয়েছে বহু মানুষ। কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে তাই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। বাজারের দ্রব্যমূল্য এবং সমস্ত পরিষেবা সাধ্যের মধ্যে হোক প্রত্যাশা আমজনতার। এই আবহে আজ বাজেট পেশের আগেই চড়চড়িয়ে বাড়ল শেয়ার বাজারের সূচক। বাজারের লেনদেন শুরু হতেই ৪০০ পয়েন্ট বেড়ে যায় শেয়ার বাজার।

সেনসেক্সে বৃদ্ধি ৪০০ পয়েন্ট
এদিন শেয়ার বাজারে লেনদেন শুরু হতেই সেনসেক্স ৪০০ পয়েন্ট বেড়ে যায়। পরে অবশ্য কিছুটা ফের নেমে যায় সূচক। সকাল ৯টা ৪৪ মিনিটে সেনসেক্সে বৃদ্ধি হয় ২৬০ পয়েন্ট। সূচক দাঁড়িয়ে ৪৬,৫৪৯ পয়েন্টে। এদিকে নিফটিও বেড়ে এদিন ১৩,৭০০ পয়েন্টের গণ্ডি পার করে।

সেনসেক্সে লাভবানদের তালিকায় রয়েছে ১৬টি শেয়ার
সোমবার বাজার খুলতেই বিএসই সেনসেক্সের সূচক ৪৪৩-এর বেশি পয়েন্ট চড়েছে। সেনসেক্সের সূচক প্রায় ০.৩৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ৪৬,৭২৮.৮৩-তে। ঊর্ধ্বমুখী এনএসই নিফটিও। নিফটির সূচক চড়েছে ১১৫ পয়েন্ট অর্থাত্ ০.৮৪ শতাংশ বেড়েছে। নিফটির সূচক পৌঁছেছে ১৩,৭৪৯.৪৫ পয়েন্টে। সেনসেক্সে সাতসকালে যারা সর্বাধিক লাভের মুখ দেখেছে তারা হল ইন্দাসইন্দ ব্য়াঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ওএনজিসি ও টাইটন। সেনসেক্সে লাভবানদের তালিকায় রয়েছে ১৬টি শেয়ার।

ভারতীয় কোম্পানিগুলির শেয়ার কেনার আগ্রহ বিদেশিদের মধ্যে
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকেই ভারতীয় কোম্পানিগুলির শেয়ার কেনার আগ্রহ খুব বেড়ে গিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। তাই করোনা দূর না হলেও ধস থেকে ঘুরে দাঁড়িয়ে একের পর এক সর্বকালীন রেকর্ড ভেঙেছে ভারতীয় শেয়ার বাজার। চলতি ত্রৈমাসিকে দেশের শেয়ার বাজারে সবচেয়ে কদর বেড়েছে ধাতু, ক্যাপিটাল গুডস এবং তেল ও প্রাকৃতিক গ্যাসের। সঙ্গে কদর বেড়েছে ব্যাঙ্কিং, শিল্প ও অর্থলগ্নি ক্ষেত্রগুলিরও। অবশ্য বিগত কয়েকদিনে ৫০ হাজারের গণ্ডি থেকে ৯ শতাংশ নামে সেনসেক্সের সূচক।

ভবিষ্যতে কোন দিকে যাবে শেয়ার বাজার
বিশেষজ্ঞরা বলছেন, এই সব ক্ষেত্রে যেই ভারতীয় কোম্পানিগুলি কাজ করে তাদের শেয়ার কিনতেই গত ৪ মাসে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। তার ফলে, দেশের শেয়ার বাজার এখন ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের আশা, আশা, চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকেও এই ধারা বজায় থাকবে। ফলে, দেশের শেয়ার বাজারের স্বাস্থ্য আরও দুই-তিন মাস ভালোই থাকবে।












Click it and Unblock the Notifications