বেঙ্গালুরুতে বন্ধ হল সব অরক্ষিত এটিএম

গত ১৯ নভেম্বর সাতসকালে কর্পোরেশন ব্যাঙ্কের একটি এটিএমে আক্রান্ত হন জ্যোতি উদয় নামে এক মাঝবয়সী মহিলা। তার পর ২১ নভেম্বর বেঙ্গালুরু পুলিশ একটি নির্দেশনামায় জানায়, ২৪ তারিখের মধ্যে সব অরক্ষিত এটিএমে রক্ষী নিয়োগ করতে হবে। চব্বিশ ঘণ্টাই যাতে রক্ষী মোতায়েন থাকে, তা দেখতে হবে। এটিএমের বাইরে সিসিটিভি লাগাতে হবে। ভিতরে বাধ্যতামূলকভাবে থাকতে হবে চোর-ঘণ্টি বা বার্গলার অ্যালার্ম। এমনকী, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার রাঘবেন্দ্র ওরাদকর। পুলিশের অভিযোগ,গ্রাহক নিরাপত্তার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার বলা সত্ত্বেও টনক নড়েনি ব্যাঙ্কগুলির। তাই বাধ্য হয়ে অরক্ষিত এটিএমগুলি বন্ধ করে দিতে হল।
এদিকে, জ্যোতি উদয়ের ওপর হামলার অনেক আগেই ১২ নভেম্বর ওই আততায়ীর অনুরূপ একজনকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে স্টেট ব্যাঙ্কের একটি এটিএম থেকে টাকা তুলতে দেখা গিয়েছে। তখন সে একটি চোরাই ডেবিট কার্ড ব্যবহার করেছিল। সিসিটিভি থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে পুলিশ জানাচ্ছে, দু'জনই এক লোক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হুবহু অমন একজন লোককে দেখা গিয়েছিল ধর্মভরমেও। একই হুলিয়া, এক ধরনের জামাকাপড়। তাই খুব তাড়াতাড়ি বেঙ্গালুরুর এটিএমে হামলার ঘটনার কিনারা হবে বলে ধারণা।












Click it and Unblock the Notifications