আরবিআইয়ের কড়া নির্দেশে টাকা তোলা বন্ধ এই ব্যাঙ্কে, মাথায় হাত গ্রাহকদের!
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) তত্ত্বাবধান সংক্রান্ত উদ্বেগের কারণে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞাগুলি পর্যালোচনার পর ছয় মাস পর্যন্ত বহাল থাকতে পারে।
আরবিআই-এর সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ব্যাঙ্কের শাখার সামনে ভিড় জমিয়েছেন। গ্রাহকদের বক্তব্য, অনেকে গতকালও টাকা জমা দিয়েছেন, কিন্তু কেউ কিছু বলেনি। এখন বলা হচ্ছে তিন মাসের মধ্যে টাকা ফেরত পাওয়া যাবে। কিন্তু যাদের EMI দিতে হবে, তারা কীভাবে সামলাবেন, তাই নিয়েই উত্তেজনা বেড়েছে গ্রাহকদের মধ্যে।

আরবিআই-এর নির্দেশনা অনুযায়ী, ব্যাঙ্কের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে গ্রাহকদের কোনো রকম টাকা তোলার অনুমতি দেওয়া হয়নি। সঞ্চয় ব্যাঙ্ক, চলতি অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকেও টাকা উত্তোলন সম্ভব নয়।
তবে, আমানতের বিপরীতে ঋণ গ্রহণের সুযোগ থাকবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে। ব্যাঙ্ক কর্মচারীদের বেতন, ভাড়া এবং বিদ্যুৎ বিলের খরচ মেটানোর অনুমতিও দেওয়া হয়েছে।
আরবিআই-এর ঘোষণায় আরও বলা হয়েছে যে, ব্যাঙ্ক পূর্বানুমতি ছাড়া কোনো ঋণ বা অগ্রিম মঞ্জুর বা রিনিউ করতে পারবে না, কোনো বিনিয়োগ করতে পারবে না এবং নতুন আমানতও গ্রহণ করতে পারবে না। এছাড়া, যেসব গ্রাহক তাদের আমানত ফেরত পাওয়া নিয়ে উদ্বিগ্ন, তাদের জন্য কিছুটা স্বস্তির খবর হল-যোগ্য আমানতকারীরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানতের বিমা দাবি করতে পারবেন।
এক্ষেত্রে আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং তত্ত্বাবধানের উদ্বেগের কারণে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতেই এই নির্দেশ জারি করা হয়েছে"। পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হবে এবং পরবর্তী পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্যাঙ্কের বর্তমান অবস্থার কারণে গ্রাহকদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা DICGC-এর মাধ্যমে বিমার সুবিধা নিতে চান, তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। ব্যাঙ্কের কার্যক্রম নিয়ে কোনো আপডেট পেলে আরবিআই তাও জানাবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications