লাগামহীন মূল্যবৃদ্ধি, ভারতের ২৯ শতাংশ পরিবার কমিয়েছে সবজি খাওয়া
মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির রান্নাঘরে আগুন লেগেছে? প্রতিদিনের বাজার করে শাক, সবজি, আনাজপাতি নিয়ে আসাই ঝকমারি। ব্যাগভর্তি জিনিসপত্র কিনতে গেলে পকেট খালি। আর পকেটের কথা ভাবলে বাজারের ব্যাগ ভরবে না। এমনই পরিস্থিতি ভারতের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের।
সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়েছিল৷ তাতে যে তথ্য এসেছে, তা বেশ দুশ্চিন্তার৷ কারণ, সবজির দাম গোটা দেশেই যথেষ্ট বেড়েছে। প্রায় ২৯ শতাংশ পরিবার সবুজ শাক - সবজি খাওয়া কমিয়ে দিয়েছে।

শাক - সবজির দাম ভারতে যথেষ্ট বেড়েছে। প্রতিদিন শাক সবজি কিনে খাওয়া শহরের বাসিন্দাদের কাছে যথেষ্ট খরচসাপেক্ষ হয়ে পড়ছে৷ এমনই তথ্য সামনে আসছে। এক কেজি টমাটোর দাম ৭৫ টাকা। পেঁয়াজের দাম প্রতি কেজি ৫০ টাকা। আলুর কেজিও ৪০ টাকা হয়ে গিয়েছে। এই অবস্থায় গৃহস্থের হেঁসেলে পঞ্চব্যঞ্জন রান্নাতেও দেখা দিয়েছে সমস্যা।
লোকাল সার্কেল নামে একটি সংগঠন সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় বেশ দুশ্চিন্তার ছবিই সামনে এসেছে। ২৯ শতাংশ পরিবার সবুজ শাক - সবজি কেনার পরিমাণ কমিয়েছে। বাজারের মূল্যবৃদ্ধির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু সবজির দাম এমন লাফিয়ে বাড়ল কেন? জানা যাচ্ছে, সবজি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগেও বেশ কিছু ফসলের এবার ফলনে ক্ষতি হয়েছে। উৎপাদনে সমস্যা দেখা দেয়।
শীতকালের আগে প্রচুর সবজি উঠতে থাকে বাজারে। শীতের সবজি বছরের শেষ দিক থেকেই দেখা যায়। পেঁয়াজ, টমেটো, সবুজ শাক-সবজির মতো অনেক ফসলের পর্যাপ্ত সরবরাহ পাইকারি বাজারে আসছে না। ফলে খুচরো বাজারে দাম স্বাভাবিকের চেয়ে বেশি।
রেটিং এজেন্সি ক্রিসিল লিমিটেডের এক প্রতিবেদনে এই বিষয়ে লেখা হয়েছে। সবজির দাম বৃদ্ধির কারণে সেপ্টেম্বর মাসে বাড়িতে রান্না করা নিরামিষ থালির দাম বছরে ১১ শতাংশ বেড়েছে।
পেঁয়াজ, আলু এবং টমেটো সহ প্রতিদিনের ব্যবহার করা সবজির দাম বেড়েছে। খরচের প্রায় ৩৭ শতাংশ এজন্যই বেড়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে বছরে পেঁয়াজের দাম ৫৩ শতাংশ, আলুর ৫০ শতাংশ এবং টমেটোর ১৮ শতাংশ দাম বেড়েছে।
লোকাল সার্কেল ভারতের ৩৫১ টি জেলায় সমীক্ষা চালায়৷ ৪০ হাজারের বেশি প্রতিক্রিয়া তারা পায়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) এর উপর ভিত্তিতে বার্ষিক খুচরো মূল্যস্ফীতি সেপ্টেম্বরে বেড়ে ৫.৪৯ শতাংশে পৌঁছেছে। যা নয় মাসের সর্বোচ্চ।












Click it and Unblock the Notifications