এবার হাথরাস কাণ্ডে যোগীকে তোপ উমা ভারতীর! বিরোধীদের হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আবেদন
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে গ্রামে যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ হাথরাসে নির্যাতিতার পরিজনদের। আর এরপরই যোগী আদিত্যনাথকে তোপ দাগলেন বিজেপি নেত্রী উমা ভারতী। এদিন তিনি টুইট করে যোগীর কাছে আবেদন রাখেন যাতে বিরোধী দলের নেতাদের এবং সংবাদ মাধ্যকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়।

নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ
আজ সকালে নির্যাতিতার পরিবারের তরফে এক নাবালক সাংবাদিকদের মুখোমুখি হয়। বলে, 'তাদের বলা হয়েছে মোবাইল বন্ধ রাখতে। কয়েকজনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পরিবারের তরফে আমাকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য পাঠানো হয়েছে। আমি কোনও রকমে লুকিয়ে মাঠ পেরিয়ে এই পর্যন্ত পৌঁছেছি। আমাদের ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। হুমকি দেওয়া হচ্ছে।'

পুলিশ অধিকারিককে দেখে পালিয়ে যায় ওই নাবালক
নাবালক যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিল সে সময় এক পুলিশ অধিকারিক ঘটনাস্থানে পৌঁছান। পুলিশ অধিকারিককে দেখে পালিয়ে যায় ওই নাবালক। কেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ওই পুলিশ আধিকারিকদের কাছে জানতে চাওয়া হলে কোনও উত্তর পাওয়া যায়নি।

গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছেন
এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে প্রদেশ কংগ্রেস। একটি টুইটে প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়, 'আজ যোগীজি গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছেন। কারণ মিডিয়া ঘটনাস্থান থেকে সত্যিটা তুলে ধরেছে। যোগীজি যে 'জঙ্গলরাজ' চালাচ্ছেন তা প্রকাশ্যে এনেছে মিডিয়া। তাই মিডিয়াকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।'












Click it and Unblock the Notifications