বিরোধী জোটে ফাটল আরও চওড়া! রাহুল গান্ধীর সাভারকার মন্তব্যে খাড়গের ডাকা MP-দের নৈশভো়জ বয়কট উদ্ধবের
বিরোধী জোটে ফাটল চওড়া। কংগ্রেসের ডিসকোয়ালিফায়েড সাংসদ রাহুল গান্ধীর সাভারকারকে নিয়ে করা মন্তব্যকে হাতিয়ার করেই এই ফাটল চওড়া করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা। উদ্ধব ঠাকরে জানিয়েছেন তাদের সাংসদরা মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণে বিরোধী সাংসদদের নৈশভোজে অংশ নেবে না।

নৈশভেজে থাকবেন না কোনও সাংসদ
উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনার অভিযোগ রাহুল গান্ধী সাভারকারকে অপমান করেছেন। সেই কারণে মল্লিকার্জুন খাড়দের নৈশভোজ বয়কট করছে তারা, সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে জানিয়েছেন দলের নেতা সঞ্জয় রাউত। নৈশভোজে দলের কোনও সাংসদ থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

খাড়গের আমন্ত্রণ
রাহুল গান্ধীর সদস্যপদ খারিজের ইস্যুতে কংগ্রেসের সঙ্গে এসেছে তৃণমূলও। এদিন সকালে বিভিন্ন বিরোধীদলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মল্লিকার্জুন খাড়গে। সেইখানেি সব বিরোধী দলের সাংসদদের নৈশভোজে আমন্ত্রণের কথা জানানো হয়।

উদ্ধব ঠাকরের বার্তা
রবিবার এক সমাবেশে উদ্ধব ঠাকরে বলেছিলেন, সাভারকর তাদের আইডল। গণতন্ত্র রক্ষায় একসঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে এই ধরনের অপমান সহ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি। উদ্ধব ঠাকরে বলেছেন, সাভারকার ১৪ বছর ছিলেন আন্দামানের সেলুলার জেলে। অকল্পনীয় নির্যাতন তিনি সহ্য করেছিলেন। উদ্ধব ঠাকরে সাভারকারের সেলুলার জেলে কাটানোকে ত্যাগ বলেও বর্ণনা করেছিলেন।

রাহুল গান্ধীর প্রতি বার্তা
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বার্তা দিতে গিয়ে উদ্ধব বলেছিলেন, দেশের গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচাতে একসঙ্গে হয়েছেন। ইচ্ছাকৃভাবে তাঁকে (রাহুল) উসকানি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন উদ্ধব। তিনি আরও বলেছিলেন, এই সময়টা নষ্ট হতে দিলে গণতন্ত্রের অস্তিত্বই শেষ হয়ে যাবে।

সাভারকারকে নিয়ে রাহুল
শুক্রবার মোদী-পদবী নিয়ে ফৌজদারি মামলায় রায়ের জেরে রাহুল গান্ধীর সাংসদ পদ খাজির করে দেওয়া হয়। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সুরাতের আদালতের বিচারক রাহুল গান্ধীকে দুবছরের সাজা দেন। তবে সঙ্গে সঙ্গে করা আবেদনে রাহুল গান্ধীকে উচ্চতর আদালতে আবেদন করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়। সাংসদ পদ খারিজ নিয়ে রাহুল গান্ধী শনিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, তাঁর নাম সাভারকার নয়। তিনি গান্ধী। গান্ধী কারও কাছে ক্ষমা চান না। প্রসঙ্গত এই মাসের শুরুতে রাহুল গান্ধীর বিদেশ সফরে দেশ নিয়ে অপমানজনক মন্তব্যের অভিযোগ তোলে বিজেপি। রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাওয়ার দাবিও তোলে তারা। যদিও রাহুল গান্ধী সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications