Uttarakhand UCC: উত্তরাখণ্ডে আরও একধাপ এগলো অভিন্ন দেওয়ানিবিধি! মঙ্গলবার পেশ হবে বিধানসভায়
Uttarakhand UCC: রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে আরও একধাপ এগিয়ে গেল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। এদিন পুস্কর সিং ধামির নেতৃত্বাধীন মন্ত্রিসভা উচ্চ পর্যায়ের সরকার নিযুক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাস করেছে। এবার তা বিধানসভার পেশ হওয়ার অপেক্ষায়। অভিন্ন দেওয়ানি বিধি বিল ছয় ফেব্রুয়ারি উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হবে বলে খবর সূত্রের।
এদিন দেরাদুনে মুখ্যমন্ত্রীর বাসভবনে পুস্কর সিং ধামির সভাপতিত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি বিলটি পাশ করানো হয়। তার আগে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি পার্বত্য রাজ্যের জন্য ইউনিফর্ম সিভিল কোড বিলের খসড়া মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করে। বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

মুসলিম সার্ভিস অর্গানাইজেশন ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে একটি বিবৃতি জারি করে বলেছে, এটি ধর্মীয় বৈশিষ্টের পরিপন্থী। মুসলিম সম্প্রদায়ের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একটি ধর্মের জন্য নির্দিষ্ট আইনগুলিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। রাজ্যের প্রধান ইমাম অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে সব ধর্মের আইনি বিশেষজ়্দের অন্তর্ভুক্ত না করার জন্য সরকারের সমালোচনা করেছেন।
উত্তরখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধি বিলের লক্ষ্য ধর্ম নির্বিশেষে সব নাগরিকের জন্য অভিন্ন বিবাহ, বিবাহ বিচ্ছেন, জমি, সম্পত্তি, উত্তরাধিকার আইনের জন্য একটি আইনি কাঠামো প্রদান করবে। ছয় ফেব্রুয়ারি বিধানসভায় পাশ হলে, উত্তরাখণ্ড স্বাধীনতার পরে অভিন্ন দেওয়ানি বিধি গ্রহণে দেশের প্রথম রাজ্য হয়ে উঠবে।
রিপোর্ট অনুযায়ী, খসড়া বিলের প্রধান সুপারিশগুলির মধ্যে রয়েছে, বহু বিবাহ এবং বাল্য বিবাহের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, সব ধর্মের মেয়েদের জন্য একটি সাধারণ বিবাহযোগ্য বয়স এবং বিবাহ বিচ্ছেদের অনুরূপ ভিত্তি ও পদ্ধতি প্রয়োগ করা। অভিন্ন দেওয়ানি বিধি বিলটি বিধানসভা পাশ করাতে পাঁচ থেকে আট ফেব্রুয়ারি উত্তরাখণ্ড বিধানসভার চারদিনের অধিবেশন আহ্বান করা হয়েছে।
এর আগে তেসরা ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি প্রস্তাব নিয়ে আলোচনা করার প্রাথমিক পরিকল্পনা সত্ত্বেও মন্ত্রীদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় দিতে তা স্থগিত করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ধামী উত্তরাখণ্ড বিধানসভায় বিল পেশ করার আগে নিবিড় আলোচনার গুরুত্বের ওপরে জোর দিয়েছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধীদের আপত্তি খারিজ করে বলেছেন, ইউসিসি বাস্তবায়ন হলে, ২০২২-এ বিধানসভা নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবে। যা কোনওভাবেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য কৌশলী পদক্ষেপ নয়।












Click it and Unblock the Notifications