দিল্লির রাজপথে গাড়ির দরজা বন্ধ করে মহিলাকে নিগ্রহ উবার চালকের, ঘটনায় হইচই
নয়াদিল্লির রাজপথে ভরসন্ধ্যায় মহিলাকে গাড়ির ভিতরে আটকে নিগ্রহের অভিযোগ উঠল আপের মাধ্যমে পরিচালিত ক্যাব সংস্থা উবারের বিরুদ্ধে।
নয়াদিল্লির রাজপথে ভরসন্ধ্যায় মহিলাকে গাড়ির ভিতরে আটকে নিগ্রহের অভিযোগ উঠল আপের মাধ্যমে পরিচালিত ক্যাব সংস্থা উবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। যখন মহিলা গাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন, তখন গাড়ির সেন্ট্রাল লক আটকে দেয় চালক। তারপরে নানা কুমন্তব্য করে ও হেনস্থা করে।

উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আসলাম খান জানিয়েছেন, অভিযুক্তের নাম সঞ্জীব ওরফে সঞ্জু। তাকে হরিয়ানায় বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সেইসময়ও সে মদ্যপ ছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সুইফ্ট গাড়ি চালাচ্ছিল। তাতে হলুদ রঙের কমার্শিয়াল নম্বর প্লেটও ছিল না। এমনকী অভিযুক্তের ড্রাইভিং লাইসেন্সও ছিল না। ঘটনা জানার পরই উবার কর্তৃপক্ষ উবার থেকে গাড়িটিকে সরিয়ে দিয়েছে।
মহিলা জানিয়েছেন, সোনপত থেকে সন্ধ্যা ৭টা নাগাদ উবার ক্যাবে ওঠেন তিনি। দেখেন গাড়ির নম্বর প্লেট সাদা। এমনকী যে চালকের মুখ দেখা যাচ্ছে তার সঙ্গে সঞ্জীবের মিল নেই। তারপরে গাড়িতে চালকের ব্যবহার দেখে মহিলা নামতে যান। তখনই সঞ্জীব নামে ওই চালক সেন্ট্রাল লক আটকে দেন বলে অভিযোগ।
অন্য রুটে মহিলাকে নিয়ে গিয়ে ফোনে অন্য কারও সঙ্গে দেখা করা ও মদ খাওয়ার আলোচনা করতে থাকে অভিযুক্ত উবার চালক। সেই দেখে আরও ভয় পেয়ে যান মহিলা। প্রায় দু ঘণ্টা গাড়িতে ঘোরানোর পরে এক ট্রাফিকে গাড়ি থামতেই কোনওক্রমে মহিলা লাফ দিয়ে নেমে পুলিশে ফোন করেন। উবার চালক তখন গাড়ি নিয়ে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থা, অপহরণ, অন্যায়ভাবে আটকে রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।












Click it and Unblock the Notifications