কর্ণাটকে এবার দুজন উপমুখ্যমন্ত্রী! কারা কারা হবেন, বিস্তারিত জেনে নিন
কর্ণাটকের মন্ত্রিসভায় জোটের ভারসাম্য রাখতে দুজন উপমুখ্যমন্ত্রীর দাবি তুলেছে জেডি (এস)। কংগ্রেসের একজনের পাশাপাশই তাদেরও একজনকে করা হোক টাইছেন তারা।
একজন নয়, দু-দু'জন উপমুখ্যমন্ত্রী পেতে পারে কর্ণাটক। একজন হবেন কংগ্রেসের। আরেকজন হতে পারেন জেডি (এস) থেকে। এমনই ইঙ্গিত দিয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস প্রধান জি পরমেশ্বর। তবে বিষয়টি রাহুল-সোনিয়ার সঙ্গে কথা বলেই চুড়ান্ত করবেন এইচ ডি কুমারস্বামী। একই সঙ্গে মন্ত্রীসভার আসন সমঝোতার বিষয়গুলিও পাকা করতে আজই দিল্লি যাচ্ছেন কুমারস্বামী।

এখনও পর্যন্ত ঠিক রয়েছে, জোটের নেতা হিসেবে কুমারস্বামী একাই বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। বাকি মন্ত্রী সভা গঠন হবে বৃহস্পতিবারের আস্থা ভোট হয়ে যাওয়ার পর। কর্ণাটকের ভোটের ফরল বেরনোর পর কংগ্রেস-জেডি (এস) জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেসময় ঠিক করা হয়েছিল মুখ্যমন্ত্রী হবেন জেডি (এস) নেতা কুমারস্বামী এবং উপমুখ্যমন্ত্রী হবেন কংগ্রেসের জি পরমেশ্বর।
এরপর গত শনিবার রাতে দুই দলের এক বৈঠক হয়। সেখানে মন্ত্রী সভায় কিভাবে পদ ভাগাভাগি হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। অবশ্যই বেশি বিধায়ক হাতে থাকায় মন্ত্রিসভাতেও কংগ্রেসের বেশি দাবি থাকবে। ৩৩ জনের মন্ত্রীসভায় কংগ্রেস ২০টি পদ পেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সেখানেই দুদলের শক্তিতে ভারসাম্য় রাখতে জেডি (এস) নেতারা তাদের দল থেকেও একজনকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব তুলেছেন।
সোনিয়া-রাহুল-কুমারস্বামীর বৈঠকে বিষয়টি অনুমোদন পেলে আগামী মন্ত্রিসভায় কর্ণাটক দুজন উপমুখ্যমন্ত্রী পাবে। এদিন তিরুপতির বালাজী মন্দিরে আশীর্বাদ নিয়ে দিল্লি যাবেন কুমারস্বামী। সেখানেই হবে আলোচনা। জেডি (এস)-এর তরফে কাকে উপমুখ্যমন্ত্রী পদের জন্য ভাবা হচ্ছে, তা জানা যায়নি।
কংগ্রেসও উপমুখ্যমন্ত্রী পদের জন্য দলিত বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সভাপতি জি পরমেশ্বরের নাম ঠিক করলেও নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। লিঙ্গায়েত সম্প্রদায় দাবি করেছে, উপমুখ্যমন্ত্রী তাঁদের সম্প্রদায়ের কাউকে করা হোক। এই সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায়ের তকমা দিতে চেয়ে নির্বাচনে মুখ পুড়েছে কংগ্রেসের। লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে যে করেই হোক ফের জায়গা করে নিতে চাইছে কংগ্রেস। তাই, তারা এই দাবি তোলায় নতুন করে পদটি নিয়ে ভাবতে হচ্ছে কংগ্রেসকে। জেডি (এস) থেকেও কোনও লিঙ্গায়েত নেতাকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হতে পারে। তাদের জয়ী লিঙ্গায়েত বিধায়কের সংখ্যা ৪।












Click it and Unblock the Notifications