শ্লীলতাহানি, চলন্ত বাসে ইভটিজারদের পেটাল দুই বোন

২৪ নভেম্বর সরকারি বাসে সওয়ার হয়েছিল দুই কলেজ ছাত্রী। আরতি ও পূজা। দু'জনে সহোদরা। রোহতক থেকে সোনেপত যাচ্ছিল তারা। মাঝপথে বাসে ওঠে তিন যুবক। প্রথমে অশ্লীল কথাবার্তা, মুখে অশ্লীল আওয়াজ। প্রথমে ওই দুই তরুণী শুনেও না শোনার ভান করছিল। তা দেখে তিন অভিযুক্ত আরও সাহস পেয়ে যায়। বাসে থাকা এক গর্ভবতী মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে তারা। তার পর ওই দুই তরুণীর শরীরে হাত দেয়। এর পরই দুই ছাত্রী ক্ষেপে যায়। প্রথমে কলার ধরে তিনজনকে চড়থাপ্পড় মারে তারা। তার পর জিন্সের প্যান্ট থেকে বেল্ট খুলে পেটাতে থাকে। আকস্মিক আক্রমণ সামলে তিন যুবক পাল্টা মারধর করে তাঁদের। তার পর জোর করে বাস থেকে নামিয়ে দেয়।
এদিকে, এক যাত্রী ঘটনাটা মোবাইলে রেকর্ড করেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তা ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে তিনজনকে। এরা হল মোহিত, কুলদীপ ও দীপক। তাদের বাড়ি রোহতক জেলার আসন গ্রামে। রবিবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আশ্চর্যের ব্যাপার হল, বাসে সেই সময় অনেক পুরুষযাত্রী ছিল। তারা সবাই বসে বসে মজা দেখেছে বলে অভিযোগ। কেউ সহায়তা করতে এগিয়ে আসেনি।
সাহসী দুই বোনকে অভিনন্দন জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। বিজেপি সাংসদ উমা ভারতী সংসদ ভবনে দাঁড়িয়ে দুই তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানান, ২৬ জানুয়ারি দু'জনকে পুরস্কৃত করবে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications