জঙ্গি মৃত্যুর প্রতিশোধ, জম্মু–কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহিদ ২ পুলিশ কর্মী
জম্মু–কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহিদ ২ পুলিশ কর্মী
ফের রক্তাক্ত জম্মু–কাশ্মীর। শুক্রবার জম্মু–কাশ্মীরের বান্দিপুর জেলায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ২ জন পুলিশকর্মী। জম্মু–কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এদিন বিকেলে গুলশন চৌকে জঙ্গিরা প্রকাশ্যে পুলিশ টিমের ওপর গুলি চালায়।

নিহত দুই পুলিশকর্মীকে সনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন সার্জেন্টাজ মহম্মদ সুলতান ও এসটি ফয়াজ মহম্মদ। জঙ্গিদের গুলিতে এঁরা প্রথমে আহত হন পরে এঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে যে এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে এবং অভিযুক্ত জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, 'আমি উত্তর কাশ্মীরের বান্দিপুর এলাকায় পুলিশের উপর সন্ত্রাসী হামলার নিন্দা করছি। এই হামলায় জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্য মহম্মদ সুলতান এবং ফায়াজ আহমেদ শহিদ হন। তাদের আত্মা শান্তিতে থাকুক এবং ঈশ্বর তাদের পরিবারকে শক্তি দিন।’
প্রসঙ্গত, বুধবারই সোপিয়ান জেলায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এনকাউন্টারে মৃত্যু হয় তিন জঙ্গির। এরপরই শুক্রবার পুলিশের ওপর এই হামলা হয়। জানা গিয়েছে যে বুধবার পুলিশ জঙ্গিদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বললেও তারা করেনি। পুলিশের শীর্ষ কর্তা এ প্রসঙ্গে বলেন, 'তল্লাশি অভিযানের সময়, সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আত্মসমর্পণের বারবার সুযোগ দেওয়া হয়েছিল। যাইহোক, তারা জয়েন্ট সার্চ পার্টির উপর নির্বিচারে গুলি চালায় যা পাল্টা এনকাউন্টারে পরিণত হয়।’ নিহত জঙ্গিরা হল আমির হুসেন গানিয়া, চেক চোলান সোপিয়ানের বাসিন্দা রইস আহমেদ মীর, কাপ্রানের বাসিন্দা ও হাসিব আহমেদ দর, যে কুলগ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে যে নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র, একটি একে–৪৭, দু’টি পিস্তল সহ কার্তুজ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে জন্মু- কাশ্মীরে পরপর কয়েকদিনে কয়েকটি খুনের ঘটনা সামনে এসেছিল। সূত্র মারফত জানা গিয়েছিল, বিভিন্ন ঘটনায় মোট ৭ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে জঙ্গিরা। মৃতদের মধ্যে অধিকাংশই কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল। পুলিশ সূত্র জানায়, ৭ জনের মধ্যে ৪ জন হিন্দু ও ১ জন শিখ ছিলেন।












Click it and Unblock the Notifications