মাটিতে বিছানো বিস্ফোরকে ছিন্নভিন্ন দুই জওয়ান, ছত্তিশগড়ের বিজাপুরে মাও হামলা
মহারাষ্ট্রে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সাফল্য এসেছিল। ১২ জন মাওবাদী মারা গিয়েছিল। কিন্তু সাফল্য এল না ছত্তিশগড়ে। বিজাপুরে প্রাণ হারালেন দুই এসটিএফ জওয়ান। এছাড়াও চার জন গুরুতর জখম হয়েছেন।
মাওবাদীরা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইজ ( আইইডি ) মাটিতে বিছিয়ে রেখেছিল৷ তাতেই বিস্ফোরণে প্রাণ গেল দুই এসটিএফ জওয়ানের। বিজাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বুধবার রাতে।

তারেম থানা এলাকার মন্দিমার্কার জঙ্গলে এই নারকীয় ঘটনা ঘটেছে। বিজাপুর - সুকমা - দান্তেওয়াড়া জেলার মধ্যে থাকা জঙ্গলে মাওবাদী দমন অভিযান সেরে এসটিএফের জওয়ানরা ফিরছিলেন। তখনই এই বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কনস্টেবল ভরতলাল সাহু ও সাতের সিং। আরও চার জন গুরুতর জখম হয়েছেন। পুরুষোত্তম নাথ, কোমল যাদব, সিয়ারাম সেরি, সঞ্জয় কুমারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন।
মঙ্গলবার থেকে ছত্তিশগড়ের এই অংশে মাও দমন অভিযান শুরু হয়েছে। এসটিএফ, জেলা রিজার্ভ গার্ড, রাজ্য পুলিশের উভয় ইউনিট, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং কোবরা ইউনিটের সদস্যরা এই অভিযানে রয়েছে।
দারভা ও পশ্চিম বাস্তার এলাকায় নকশালদের উপস্থিতি দেখা গিয়েছে। এই বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য পৌঁছায়। এরপরেই এসটিএফ, কোবরা, সিআরপিএফ, ডিআরজি, পুলিশ সম্মিলিতভাবে অভিযান শুরু করে। ১৬ জুলাই বিশেষ এই অভিযান হয়৷ বিজাপুরের পুলিশের বিবৃতি মারফত এই কথা জানা গিয়েছে।
গত মাসে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সেই হামলায় ছয় জন মাওবাদী নিহত হয়। ওর্চা থানার সীমানায় গোবেল ও থুলথুলি গ্রামের কাছে ৬ জুন এই অভিযান হয়েছিল। নিহত ছয় মাওবাদী নেতৃত্ব দিতেন বলে জানা গিয়েছে৷ তাদের ধরে দিতে পারলে ৩৮ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা হয়েছিল৷












Click it and Unblock the Notifications