রাস্তায় ঝামেলা, অপরাধনগরী দিল্লিতে দিবালোকে খুন দুই ভাই

ঘটনাটি ঘটে গতকাল। দিল্লির বাওয়ানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সাহেব সিং (৪১) এবং কপ্তান সিং (৩৫) খুবই গরিব ঘরের ছেলে। টেম্পোতে করে বিভিন্ন জায়গায় মাল সরবরাহ করে দিন গুজরাত হত কোনও রকমে। গতকাল রাস্তার ধারে কাদায় বসে যায় টেম্পোর চাকা। কপ্তান পিছন থেক টেম্পোটি ঠেলছিল। আর গাড়ি স্টার্ট দিয়ে তা কাদা থেকে তোলার চেষ্টা করছিল সাহেব। হঠাৎ গোঁ করে গাড়িটি উঠেও যায় কাদা থেকে। কিন্তু চাকায় কাদা লেগে থাকার কারণে কিছুটা পিছলে এগিয়ে যায় টেম্পোটি। রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি স্কোডা গাড়ির পিছনে হালকা ধাক্কা লাগে। ব্যস! বিপদ ঘনিয়ে আসে।
স্কোডা গাড়ির ভিতরে বসে চারজন যুবক মদ্যপান করছিল বলে অভিযোগ। তৎক্ষণাৎ তারা নেমে আসে। সাহেব সিংয়ের কলার ধরে টেনে নামিয়ে বেধড়ক মারতে থাকে। কপ্তান দাদাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পেটানো শুরু হয়। হঠাৎই এক যুবক পকেট থেকে রিভলভার বের করে কপ্তানের পেটে গুলি চালিয়ে দেয়। সাহেবের উদ্দেশেও গুলি চলে। গুলিটি গিয়ে লাগে তার কাঁধে। দু'ভাই-ই রাস্তায় পড়ে যায়। এর পর দু'জনকে পরপর আরও কয়েকটি গুলি করা হয়। দিনের আলোয় একগাদা লোকের সামনে খুন করে গটগটিয়ে চারজন উঠে পড়ে গাড়িতে। তার পর সেখান থেকে চলে যায়।
মৃত যুবকদের বাবা লালচাঁদ সিং জানান, ওই চারজনের একজন ছিল কালু সিং। স্থানীয় তোলাবাজ। বাকিদের শনাক্ত করা যায়নি। পুলিশ তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।












Click it and Unblock the Notifications