বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা বিজেপি শিবিরে! ত্রিপুরায় ২ বিধায়কের ইস্তফা
বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় (Tripura) বিজেপি (BJP) শিবিরে বড় ধাক্কা। এদিন বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন দুই বিধায়ক (mla)। তাঁরা হলেন, সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) এবং আশিস সাহা (Ashis Saha)। বিজেপির প্রাথমিক স
বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় (Tripura) বিজেপি (BJP) শিবিরে বড় ধাক্কা। এদিন বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন দুই বিধায়ক (mla)। তাঁরা হলেন, সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) এবং আশিস সাহা (Ashis Saha)। বিজেপির প্রাথমিক সদস্যপদেও ইস্তফা দিয়েছেন তাঁরা। দুই নেতাই ইস্তফা দেওয়ার পরে দিল্লি গিয়েছেন বলে জানা গিয়েছে।

অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র
সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা দুজনেই বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে ইস্তফা পত্র জমা দিয়েছেন। ইস্তফা দেওয়ার পরে সুদীপ রায় বর্মন জানিয়েছেন, রাজ্যের মানুষের স্বার্থেই তিনি বিধায়ক পদে ইস্তফা দিলেন। অন্যদিকে এদিন ইস্তফা দেওয়া আশিস সাহাও সুদীপ রায় বর্মনের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। অধ্যক্ষ রতন চক্রবর্তী জানিয়েছেন, তিনি ইস্তফাপত্র গ্রহণ করলেও, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি। তবে তা শীঘ্রই জানাবেন বলে জানিয়েছেন।

সাধারণ মানুষের জন্য কাজ করতে ব্যর্থ বিজেপি
সুদীপ রায় বর্মন জানিয়েছেন, বিজেপির সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। তাঁর অভিযোগ বিজেপি রাজ্যে সাধারণ মানুষের জন্য কাজ করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সময়ে সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা ত্রিপুরার বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। সেই সময়ই তাঁদের অবস্থান নিয়ে জল্পনা ছড়ায়।

সাম্প্রতিক সময়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক
গত কয়েকমাসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে এই দুই নেতা বৈঠক করেছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। তবে অতি সম্প্রতি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুদীপ রায় বর্মন বৈঠক করেন বলে সূত্রের খবর। ফলে তাঁদের এদিনের দিল্লি যাত্রার পরেই আপাতত এই দুজনের পরবর্তী রাজনৈতিক অবস্থান জানা যাবে। পাশাপাশি আগামী কিছু দিনের মধ্যে আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়কও এই পথ ধরতে পারেন বলে সূত্রের খবর।

১০ ফেব্রুয়ারি কংগ্রেসে যোগদানের সম্ভাবনা
সূত্রের খবর অনুযায়ী, এই দুই নেতা দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ফের একবার বৈঠক করবেন। পাশাপাশি তাঁরা ১০ ফেব্রুয়ারি নাগাদ কংগ্রেসে যোগ দিতে পারেন। দুই বিজেপি ত্যাগী নেতা ১২ ফেব্রুয়ারি ত্রিপুরায় ফিরবেন বলে সূত্রের খবর।

নভেম্বরে এক বিধায়ক যোগ দিয়েছিলেন তৃণমূলে
গত নভেম্বর বিজেপির অপর বিধায়ক আশিস দাস আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পরে আশিস দাস বিপ্লব দেব সরকারকে নিশানা করেছিলেন, পাশাপাশি রাজ্যে বিজেপির কাজ নিয়েও প্রশ্ন করেছিলেন। বিজেপি বিধায়কের এই দলবদলের পরে বিধায়কদের সুযোগ-সুবিধা নিয়ে বড় পরিবর্তন আনে বিপ্লব দেব সরকার। সেখানে বলা হয়, বিধায়করা যদি পুরো সময় অতিবাহিত না করেন, তাহলে তাঁরা সুযোগ সুবিধা থেকে বঞ্জিত হবেন।












Click it and Unblock the Notifications