Agniveers Die: প্রশিক্ষণের সময় বিস্ফোরণ, প্রাণ হারালেন দুই অগ্নিবীর জওয়ান
Agniveers Die: মহারাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালীন দুই অগ্নিবীর জওয়ানের মৃত্যু (Agniveer Jawan Death)। সূত্রের খবর, প্রশিক্ষণ চলাকালীন আচমকাই বিস্ফোরণ (Artillery Burst) ঘটে। গোলাবারুদের কামান ফেটে মৃত্যু হয় ওই ভারতীয় সেনার দুই অগ্নিবীর জওয়ানের। মহারাষ্ট্রের নাসিকের (Nasik) দেওলালিতে অস্ত্র প্রশিক্ষণ স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা।
হায়দরাবাদ থেকে মহারাষ্ট্রে প্রশিক্ষণ নিতে এসেছিলেন ওই দুই অগ্নিবীর জওয়ান। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সেনা। কীভাবে আচমকা বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে খবর সেনাবাহিনী সূত্রের।

ইতিমধ্যেই নাম জানা গিয়েছে ওই দুই মৃত অগ্নিবীর জওয়ানের। একজন বছর কুড়ির বিশ্বরাজ সিং ও অপরজন একুশ বছরের সৈফত সিট। বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ওই দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
হাবিলদার অজিত কুমারের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন দেওলালি পুলিশ ক্যাম্পের আধিকারিকরাও। প্রশিক্ষণের সময় কীভাবে ঘটল বিস্ফোরণ, তাহলে কি পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই হচ্ছিল প্রশিক্ষণ, এই সব প্রশ্নের উত্তর খতিয়ে দেখবেন তদন্তকারীরা।
গত ৪ অক্টোবর একই ঘটনা ঘটে রাজস্থানের ভরতপুরেও (Rajasthan Bharatpur)। সেনাবাহিনীর মহড়া চলাকালীন অগ্নিনির্বাপণ যন্ত্রে বিস্ফোরণের ফলে মৃত্যু হয় বছর চব্বিশের এক অগ্নিবীর জওয়ানের (Agniveer dies)। ডিএসপি অনিল জসোরিয়া জানান, গোলপুর সেনা ছাউনিতে অগ্নিনির্বাপণ যন্ত্র বিস্ফোরণের জেরে সৌরভ পাল নামে এক অগ্নিবীর জওয়ান গুরুতর জখম হন।
যদিও পরে আহত ওই জওয়ানকে হাসপাতালে নিয়ে গেলে মৃত হিসেবে ঘোষণা করা হয়। উত্তরপ্রদেশের কনৌজ জেলার ভাখারা গ্রামের বাসিন্দা ছিলেন ওই যুবক। আর এই ঘটনার সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের মহারাষ্ট্রের নাসিকে প্রশিক্ষণের সময় বিস্ফোরণে প্রাণ গেল দুই অগ্নিবীর জওয়ানের।












Click it and Unblock the Notifications