আট রাজ্যেই বিজেপি-র পক্ষে ইতিবাচক মনোভাব তুঙ্গে, বোঝাচ্ছে টুইটার

ওয়েব দুনিয়ায় নানা ধরনের গবেষণা চালিয়ে মানুষের মতিগতি বোঝার চেষ্টা করে এই ওহায়ো সেন্টার অফ এক্সেলেন্স ইন নলেজ বেসড কম্পিউটিং। এখন সংস্থাটির নজর রয়েছে এ দেশের লোকসভা নির্বাচনের ওপর। দেশের ১৫ রাজ্যে তিনটি রাজনীতিক দল (বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টি) সম্পর্কে মানুষ টুইটারে যা বলেছেন, তা সংগ্রহ করেছে এরা। দেখা যাচ্ছে, এমন টুইটের সংখ্যা অন্তত নয় লক্ষ। গোটা মার্চ মাসে এ সংক্রান্ত টুইটগুলি সংগ্রহ করেছে তারা।
দেখা যাচ্ছে, বিজেপি হল টুইটারে সবচেয়ে চর্চিত দল। অন্তত আটটি রাজ্যে বিজেপি সম্পর্কে ইতিবাচক মনোভাব সর্বাধিক। এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি। যে নয়টি রাজ্যে বিজেপি সম্পর্কে সবচেয়ে কম নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়েছে, সেইগুলি হল গুজরাত, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং দিল্লি।
আম আদমি পার্টি সম্পর্কে চারটি রাজ্যে সর্বাধিক ইতিবাচক মনোভাব রয়েছে। এগুলি হল অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, পাঞ্জাব ও তামিলনাড়ু। তিনটি রাজ্যে সবচেয়ে কম নেতিবাচক মনোভাব লক্ষ করা গিয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। তবে সবচেয়ে করুণ অবস্থা হল কংগ্রেসের। মাত্র দুইটি রাজ্যে তাদের ব্যাপারে সবচেয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। যথা হিমাচলপ্রদেশ ও ঝাড়খণ্ড। আর অন্ধ্রপ্রদেশ, হিমাচলপ্রদেশ ও পাঞ্জাবে রয়েছে সবচেয়ে কম নেতিবাচক মনোভাব কংগ্রেস সম্পর্কে।
একটি রাজনীতিক দল সম্পর্কে পাইকারি হারে যা টুইট পাওয়া যাচ্ছে, তাতে তার প্রকৃত জনপ্রিয়তা বিচার হয় না। সেটা পেতে গেলে দেখতে হবে, কোনও রাজ্য থেকে সবচেয়ে ইতিবাচক টুইট কী পাচ্ছে তারা, আবার সেখান থেকে একই সঙ্গে সবচেয়ে নেতিবাচক টুইট কী জুটল! দুয়ের গড় করে বের করা হয় মার্জিন, যা শতাংশের হিসাবে তাদের জনপ্রিয়তা বুঝতে সহায়তা করে। সেই হিসাবে ১৫টি রাজ্যে বিজেপি-র মার্জিন ১৬.৫ শতাংশ, আম আদমি পার্টির ১৩.৬১ শতাংশ এবং কংগ্রেসের ১১.৬৮ শতাংশ।
ভোট নিয়ে আরও ব্যাখ্যা জানতে ক্লিক করতে পারেন টুইট্রিস ইন্ডিয়া ইলেকশন ২০১৪ ইনসাইট পেজে।
আপনার কোনও বক্তব্য থাকলে যোগাযোগ করতে ক্লিক করুন এখানে।












Click it and Unblock the Notifications