অখিলেশের গোঁসায় উত্তরপ্রদেশে ঝাঁপ বন্ধ দুই টিভি চ্যানেলের

প্রসঙ্গত, সাইফাই হল মুলায়ম সিং যাদবের জন্মস্থান। তাঁর শৈশব কেটেছে এখানে। তাই ফি বছর সাইফাইতে বিপুল টাকা খরচ করে জাঁকালো মহোৎসবের আয়োজন করে সমাজবাদী পার্টি। এখন দলটি যখন রাজ্যের শাসনক্ষমতায়, তখন মহোৎসবের কলেবর বৃদ্ধি পাবে বৈকি! এবার সেটাই হয়েছিল। কিন্তু, মুজফফরনগরের দাঙ্গাপীড়িতরা যখন ঠান্ডায় মারা যাচ্ছে, তখন এই মহোৎসব আদৌ যুক্তিযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তোলে সংবাদমাধ্যম। অখিলেশ সিং যাদব এবং মুলায়ম সিং যাদবকে তুলোধোনা করা হয় খবরের কাগজ, টিভি চ্যানেলে। এতেই চটে যান মুখ্যমন্ত্রী অখিলেশ সিং। যে দু'টি টিভি চ্যানেল সবচেয়ে 'বাড়াবাড়ি' করেছিল, সেই 'টাইমস নাও' এবং 'ইন্ডিয়া টিভি'-র সম্প্রচার জোর করে বন্ধ করে দেওয়া হয় উত্তরপ্রদেশে। এটা মিডিয়ার বাকি অংশের কাছে স্পষ্টত একটা বার্তাও বটে।
কেবল সার্ভিস কনজিউমার প্রোটেকশন কমিটির সভাপতি অম্বিকাপ্রসাদ ওঝা বলেছেন, "দু'টি নির্দিষ্ট চ্যানেলের সম্প্রচার আর করা হচ্ছে না রাজ্যে। কারণ, সাইফাই মহোৎসব নিয়ে ওরা যা দেখিয়েছে, তাতে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ।" এলাহাবাদ, কানপুর, গাজিয়াবাদ, এটাওয়া ইত্যাদি জায়গায় সমাজবাদী পার্টির গুন্ডারা এসে হুমকি দিয়েছে কেবল অপারেটরদের। পুলিশও নানাভাবে কেবল অপারেটরদের হেনস্থা করছে বলে অভিযোগ। প্রাণের ভয়ে তাই তাঁরা দু'টি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারি বলেন, "রাজ্য সরকার এভাবে কোনও টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে পারে না। তাদের সেই এক্তিয়ার নেই। চ্যানেল দু'টি অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নেব।" কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, বিজেপি একযোগে রাজ্য সরকারের পদক্ষেপকে 'অগণতান্ত্রিক' বলে বর্ণনা করেছে।












Click it and Unblock the Notifications