কোভিডের ছত্রতলেই বাড়ছে যক্ষ্মা? দেশজোড়া উদ্বেগের কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা কেন্দ্রের
এতদিন উদ্বেগ বাড়াচ্ছিল ব্ল্যাক ফাঙ্গাস, কিন্তু এবার দেশজুড়ে করোনা আক্রান্তদের মধ্যে হ হু করে বাড়ছে যক্ষ্মা বা টিবি-র প্রকোপ। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন ব্যক্তিরাও বর্তমানে ফের টিউবারকিউলোসিসে আক্রান্ত হচ্ছেন বলে শোনা যাচ্ছে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এমতাবস্থায় এবার যক্ষ্মা ও টিবি রোগীদের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল কেন্দ্র।

এদিকে করোনা মূল ভাইরাসজনিত রোগ হলেও টিবি আবার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যদিও উভয় রোগই ফুসফুস ও শ্বাসতন্ত্রে ব্যাপকভাবে প্রভাব ফেলে। আর এখানেই বাড়ছে চিন্তা। দুই রোগের মধ্য আসল যোগসাজস কোথায় তাই ভাবাচ্ছে বিশেষজ্ঞদেরও। এই উদ্বেগের কথা মাথায় রেখেই শনিবার একটি নতুন বিবৃতিও জারি হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। আর তাতেই সমস্ত কোভিডে আক্রান্ত রোগীদের বাধ্যতামূলক ভাবে টিউবারকিউলোসিস স্ক্রিনিংয়ের নির্দেশিকা দিয়েছে কেন্দ্র।
উল্টোদিকে সমস্ত টিবি রোগীদেরও বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। অন্যদিকে টিবি ও করোনা রোগীদের উপর নতুন করে নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। অন্যদিকে পরিসংখ্যান বলছে করোনার বাড়বাড়ন্ত শুরু হতেই ২০২০ সালের গোড়া থেকে গোটা দেশে টিবি আক্রান্ত রোগীর সংখ্যা ২০ শতাংশ কমে গিয়েছিল। তবে অনেকের ধারণা কোভিডের চাদরেই অনেক্ষেত্রে ঢাকা পড়ে গিয়েছিল টিবির প্রকোপ।
কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টোস্রোতে বইছে তা টের পাচ্ছেন সকলেই। বর্তমানে গোটা দেশেই অস্বাভাবিক ভাবে যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সদ্য করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। এমতাবস্থায় করোনা বা যক্ষ্মার কোনোরূপ উপসর্গ থাকলেই দ্রুত পরীক্ষা করারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications