ত্রিপুরার সাংবাদিক শান্তনু ভৌমিককে কুপিয়ে খুন
ফের সাংবাদিক হত্যা। এবার ত্রিপুরায়। খবর সংগ্রহে গিয়ে বাধা মুখে পড়েন ত্রিপুরার দিনরাত চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিক। ঘটনাস্থলেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় আইপিএফটি সমর্থকরা
ফের সাংবাদিক হত্যা। এবার ত্রিপুরায়। খবর সংগ্রহে গিয়ে বাধা মুখে পড়েন ত্রিপুরার দিনরাত চ্যানেলের সাংবাদিক শান্তনু ভৌমিক। ঘটনাস্থলেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় আইপিএফটি সমর্থকরা। আগরতলা মেডিকেল কলেজে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ত্রিপুরার আইপিএফটি এবং সিপিএমের আদিবাসী সংগঠন টিআরইউজিপির মধ্যে অশান্তি চলছে। তারই খবর সংগ্রহে গিয়েছিলেন শান্তনু। আইপিএফটি সমর্থকদের করা রাস্তা অবরোধ পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বছর আটাশের শান্তনু। এই সময়ই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় শান্তনুকে। ঘটনায় এখনও পর্যন্ত আইপিএফটির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত এলাকায় রয়েছে স্বশাসিত সংস্থা টিটিএএডিসি। এই এলাকাকে পৃথক আদিবাসী রাজ্য করার দাবিতে আন্দোলন করছে আইপিএফটি। যার বিরোধিতায় রয়েছে ত্রিপুরা সিপিএমের আদিবাসী সংগঠন। মঙ্গলবার তাদেরই সমাবেশ ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, লোকসভার সদস্য জিতেন চৌধুরীসহ অনেকেই। মঙ্গলবারেই কম করে বারোটি জায়গায় আইপিএফটি সমর্থকরা সিপিএমের সংগঠন টিআরইউজিপির ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় পুলিশ আধিকারিকসহ কম করে ৬০ জন আহত হন, যাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার জেরে পশ্চিম ত্রিপুরা এবং খোয়াইয়ের অনেক জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার সেই ১৪৪ ধারা অমান্য করেই মান্দাইয়ে জমায়েত করে দুপক্ষ। সেই অশান্তির স্থলেই গিয়েছিলেন শান্তনু ভৌমিক।
সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। নিন্দায় সরব হয়েছে সিপিআইএমএল লিবারেশনও। ঘটনার জেরে সারাদিন ত্রিপুরার বিভিন্ন চ্যানেল সংবাদ সম্প্রচার বন্ধ রাখে।

শান্তনুর বন্ধুরা জানিয়েছে, ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিল শান্তনু। প্রথমে এসএফআই এবং পরে ডিওয়াইএফআই-এর সদস্য ছিলেন শান্তনু ভৌমিক। খুনিদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে পরিবার ও বন্ধুদের তরফ থেকে।












Click it and Unblock the Notifications