ত্রিশঙ্কু ত্রিপুরায় কিংমেকার হবে টিপ্রামোথা, টাইমস নাউয়ের সমীক্ষায় কার দখলে কত আসন
সমীক্ষা অনুযায়ী টিপ্রামোথা ত্রিপুরার কিং-মেকার হতে চলেছে। বিজেপি বা বাম-কংগ্রেস যে-ই সরকার গড়ুক তাদের সঙ্গে নিতে হবে টিপ্রামোথাকে।
ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ বলে দিচ্ছিল এবার ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা। টাইমস নাউয়ের বুথ ফেরত সমীক্ষা সেই আভাসই দিল। উত্তর পূর্বের আর এক রাজ্য ত্রিপুরায় এবার বিজেপির সঙ্গে মূল লড়াই ছিল বাম-কংগ্রেসের। সেখানে জনজাতি অঞ্চলে প্রভাব বিস্তার করা টিপ্রামোথা এবার কিং-মেকারের জায়গায় রয়েছে। বিজেপির জয় যে এবার সহজ হবে না, সেই আভাস উঠে এল টাইমস নাউ-ইটিজি রিসার্চের বুথ ফেরত সমীক্ষায়।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা
টাইমস নাউ-ইটিজি রিসার্চের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি এবার এককভাবে ক্ষমতায় আসতে পারছে না উত্তর-পূর্বের এই রাজ্যে। আইপিএফটির সঙ্গে জোট করেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে যাচ্ছে। তবে সর্ববৃহৎ দল হচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। বিজেপি তথা এনডিএ ত্রিপুরা নির্বাচনে এবার ২৪টি আসন পেতে পারে বলে জানিয়েছে সমীক্ষা।

বাম-কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা
২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস এখানে শূন্য হয়ে গিয়েছিল। এবার কংগ্রেস বামেদের সঙ্গে জোট করে লড়ছে ত্রিপুরায়। এ রাজ্যে বাম-কংগ্রেসের জোট টাইমস নাউ-ইটিজি রিসার্চের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২১টি আসন পেতে পারে। অর্থার তারাও বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে। সেই অর্থে ত্রিপুরায় এবার লড়াই জমজমাট। টিপ্রামোথাকে নিয়ে বাম-কংগ্রেসও সরকার গড়তে পারে এই সমীক্ষা অনুযায়ী।

টিপ্রামোথার সম্ভাব্য আসন সংখ্যা
টাইমস নাউ-ইটিজি রিসার্চের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী টিপ্রামোথা ত্রিপুরার কিং-মেকার হতে চলেছে। বিজেপি বা বাম-কংগ্রেস যে-ই সরকার গড়ুক তাদের সঙ্গে নিতে হবে টিপ্রামোথাকে। অন্যথায় প্রয়োজনীয় সংখ্যা পাবে না কেউই। সমীক্ষা অনুযায়ী প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মার টিপ্রামোথা পেতে পারে ১৪টি আসন।

তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা
তৃণমূল কংগ্রেস বাংলার নির্বাচনে জিতেই ত্রিপুরার নজর দিয়েছিল। ত্রিপুরায় অন্যান্য রাজ্যের আগে ইউনিট গড়লেও তৃণমূলের প্রাপ্তি শূন্যই থেকে যাবে এবার। টাইমস নাউ-ইটিজি রিসার্চের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় অন্যান্যরা পেতে পারে মাত্র একটি আসন। এই সমীক্ষায় তৃণমূল-সহ অন্যান্যদের কোনও আশা নেই। তৃণমূল বাদে নির্দল রয়েছে এই নির্বাচনী লড়াইয়ে।

ত্রিপুরার সম্ভাবনা ২০২৩-এ
এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়াই মূলত সীমাবদ্ধ থাকছে বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে। টাইমস নাউ-ইটিজি রিসার্চের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী টিপ্রামোথা এখানে কিং-মেকারের ভূমিকা নেবে। টিপ্রামোথা যেদিকে যাবে তারাই গড়বে সরকার। ফলে উপজাতি এলাকার দল টিপ্রামোথা এবার বামফ্রন্ট-কংগ্রেস বা বিজেপিকে বেগ দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

গতবারের নির্বাচনের ফলাফল
২০১৮ সালের নির্বাচনে ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। বিজেপি একাই পেয়েছিল ৩৬টি আসন। ৬০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ছিল ৩১। বিজেপির জোটসঙ্গী আইপিএফটি ৮টি আসন পেয়েছিল। আর বামেরা পেয়েছিল ১৬টি আসন। কংগ্রেস কোনও আসনে জিততে পারেনি। তৃণমূলও পেয়েছিল শূন্য। ফলে সরকার গড়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।












Click it and Unblock the Notifications